চিনা ধাতু মিশিয়ে সোনায় ভেজাল! শুদ্ধতা পরীক্ষাতেও ধরা পড়ছে না? চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এল

সোনার কারবারে বড় ধরনের ভেজাল ও অনিয়মের অভিযোগ উঠল। চিন থেকে সরবরাহ করা বিশেষ ধাতু বা ধাতব গুঁড়ো মিশিয়ে সোনার ওজন বেশি দেখানো হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। এমনকী এত কৌশলে এই কারসাজি চালানো হচ্ছে যে, প্রচলিত শুদ্ধতা পরীক্ষাতেও অনেক ক্ষেত্রে ভেজাল ধরা পড়ছে না বলে দাবি করা হয়েছে।

‘দৈনিক ভাস্কর’-এর তদন্তমূলক প্রতিবেদন ‘দৈনিক ভাস্কর’-এর একটি তদন্তমূলক প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৪ ক্যারাটের ৭.৮৩০ গ্রাম সোনায় ১ গ্রাম রিনিয়াম (Rhenium) পাওডার মেশানো অবস্থায় দেখা গিয়েছে, অথচ শুদ্ধতা পরীক্ষায় ভেজাল চিহ্নিত হয়নি এবং সেটি ২৪ ক্যারাটের খাঁটি সোনা হিসেবেই বিবেচিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে প্রতিদিন বিপুল পরিমাণ সোনা বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ভেজাল সোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তদন্ত চলাকালীন চিনের শেনঝেনের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানানো হয়েছে; ওই এজেন্ট দাবি করেন যে সোনার গয়নায় নির্দিষ্ট মাত্রায় রিনিয়াম মেশালেও শুদ্ধতা যাচাইয়ে তা ধরা পড়ে না এবং প্রতি ১০০ গ্রাম রিনিয়ামের দাম ৩,০০০ থেকে ৩,৪০০ মার্কিন ডলারের আশেপাশে ঘোরাফেরা করে। মুম্বই ও আমদাবাদসহ ভারতের বিভিন্ন স্থানে এই ধাতু সরবরাহের কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে।

পরীক্ষামূলক যাচাইয়ের দাবি বিষয়টি খতিয়ে দেখতে মুম্বইয়ের এক এজেন্টের কাছ থেকে ৫,০০০ টাকায় ১ গ্রাম রিনিয়াম এবং ৩০০ টাকা কুরিয়ার চার্জে তা সংগ্রহ করে যোধপুরে পরীক্ষা করা হয় বলে জানিয়েছে ‘দৈনিক ভাস্কর’। এক স্বর্ণকারের মাধ্যমে ২৪ ক্যারাটের ৭.৮৩০ গ্রাম সোনায় তা মেশানোর পর মোট ওজন দাঁড়ায় ৮.৮৩০ গ্রাম। এরপর শুদ্ধতা যাচাইকারী যন্ত্রে পরীক্ষা করা হলে সেটি খাঁটি সোনা হিসেবেই ধরা পড়ে এবং যন্ত্র রিনিয়াম ও সোনাকে আলাদা করতে পারেনি বলে দাবি করা হয়েছে। একইভাবে ২২ ক্যারাটের সোনাতেও ০.৭৫ গ্রাম অন্য ধাতুর গুঁড়ো মিশিয়ে একাধিক জায়গায় পরীক্ষা করা হলেও ভেজাল ধরা পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যান্য ভারী ধাতু, গোল্ড পাওডার ও সিএজি রিপোর্ট শুধু রিনিয়ামই নয়, ‘মিন্ট’-এর প্রতিবেদনেও ইন্দোরের সরাফা বাজারে সোনায় রুথেনিয়াম (Ruthenium), ইরিডিয়াম (Iridium) ও অসমিয়াম (Osmium)-এর মতো ভারী ধাতু মেশানোর বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। সোনার ওজন বাড়ানোর উদ্দেশ্যেই এসব ধাতু মেশানো হয় বলে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের একাংশের মত; এই ধাতুগুলো সোনার তুলনায় ভারী হওয়ায় প্রচলিত পদ্ধতিতে ভেজাল ধরা মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের বাজারে ‘গোল্ড পাওডার’ বা সোনার গুঁড়ো নামে একটি উপাদানের উপস্থিতির কথাও শোনা গিয়েছে, যদিও রিনিয়াম চিন থেকে গুঁড়ো আকারে আসছে নাকি দেশে গুঁড়ো করা হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট প্রমাণ মেলেনি। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি সিএজি (CAG)-এর খসড়া রিপোর্টেও ভুয়ো হলমার্ক এবং বিআইএস (BIS)-এর তদারকি ও শুদ্ধতা পরীক্ষায় খামতির বিষয়টি উঠে এসেছে, যেখানে গত পাঁচ বছরে ভুয়ো হলমার্কযুক্ত সোনার প্রবণতা বাড়ার কথা বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *