পাকিস্তানের সঙ্গে কি হাত মেলাবে ভারত? শিকাগো থেকে রাহুলের বড় বার্তা!

ভারত ও পাকিস্তান কি একসঙ্গে কাজ করতে পারে? এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, দুই দেশের মধ্যে মতপার্থক্য দূরে সরিয়ে রেখে একসঙ্গে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে। তবে ভারতের বুকে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও উৎসাহই আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে রয়ে গিয়েছে। সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া বিষয়ের পাশাপাশি এই প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন কংগ্রেস নেতা।
আলোচনাসভায় খুশ নামে পরিচয় দেওয়া পাকিস্তানের এক পড়ুয়া জানতে চান, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে পারস্পরিক স্বার্থে ভারত ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার কি এখনও কোনও সুযোগ রয়েছে। এর সরাসরি জবাবে রাহুল গান্ধী বলেন, সুযোগ রয়েছে ঠিকই, কিন্তু একটা বড় সমস্যা হল ভারতে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও উৎসাহ দেওয়া। নিরীহ মানুষ খুন হতে থাকবেন, আর তার মধ্যেও ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে—এটা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানান তিনি।
একই আলোচনাসভায় ভারতীয় গণতন্ত্রকে পবিত্র বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। পাশাপাশি বিরোধীদের নির্বাচন বয়কটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দেন তিনি। তাঁর মতে, নির্বাচন বয়কটের মতো সিদ্ধান্ত কার্যত দেশে গণতন্ত্রকে শেষ করে দেবে এবং গোটা দেশের বিরোধী দলের কর্মীদের উপর তার মারাত্মক প্রভাব পড়বে। রাহুল বলেন, দলীয় কর্মীদের যদি বলা হয় যে তাঁরা নির্বাচনে লড়বেন না, তাহলে তাঁদের কী হবে, আর নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিলে সেই মুহূর্তেই ভারতীয় গণতন্ত্র শেষ হয়ে যাবে। গণতন্ত্রের কাঠামোকে শেষ করতে চান না বলেই এমন পথে হাঁটতে নারাজ তাঁরা।
রাহুলের দাবি, দেশের নির্বাচনী ব্যবস্থায় কী ঘটছে, তা মানুষের সামনে আনতেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল লড়াই চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যতক্ষণ না বুঝতে পারছেন যে ব্যবস্থাটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, ততক্ষণ বিরোধীরা সমস্ত প্রতিকূলতা সহ্য করতে প্রস্তুত। তিনি আরও দাবি করেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন নিয়েই কংগ্রেসের মনে সন্দেহ তৈরি হয়েছিল, কারণ সেই নির্বাচনে জয়ের ব্যবধান কোনওভাবেই ব্যাখ্যা করা যাচ্ছিল না, যদিও প্রমাণ ছাড়া কোনও অভিযোগ তোলা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে তাঁদের হাতে প্রমাণ আসে এবং তা কংগ্রেসের শীর্ষ নেতাদের সামনে তুলে ধরলেও তাঁকে এ বিষয়ে মুখ খুলতে নিষেধ করা হয়েছিল বলে দাবি করেন তিনি। রাহুলের কথায়, ভারতীয় গণতন্ত্র তাঁদের কাছে পবিত্র এবং শতভাগ নিশ্চিত প্রমাণ ছাড়া গণতন্ত্রে সমস্যা রয়েছে—এমন কথা বলা তাঁর পক্ষে কঠিন।
ইজরায়েল ও গাজা সংঘাত নিয়েও এদিন নিজের মতামত প্রকাশ করেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, ভারতের বিদেশনীতি অন্য কোনও দেশের স্বার্থের ভিত্তিতে নয়, বরং দেশের নিজস্ব জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই নির্ধারিত হওয়া উচিত। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার তীব্র নিন্দা করে রাহুল বলেন, নিরীহ মানুষকে হত্যা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে গাজায় ইজরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি এবং স্পষ্ট করে জানান যে দুই পক্ষের হিংসারই তিনি বিরোধী।