‘রামায়ণ’-এর ঝড়ের মাঝেই বড় চমক! কেরলের জটায়ু ভাস্কর্য দেখতে যাচ্ছেন মোদী?

বলিউড ছবি ‘রামায়ণ’ মুক্তির পর থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কেরলের জটায়ু আর্থ সেন্টার এবং সেখানকার জটায়ুর বিশাল ভাস্কর্য। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, খুব শিগগিরই কেরলের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী ইঙ্গিত দিয়েছেন যে, কেরলের কোল্লাম জেলার এই কেন্দ্রে প্রথমে যাবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তাঁর সফরের পরেই প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেন। সুরেশ গোপী জানান, দু’দিন আগেই জটায়ু আর্থ সেন্টারের স্রষ্টা রাজীব আঞ্চলের সঙ্গে বৈঠক করেছেন গজেন্দ্র সিং শেখাওয়াত। ওই বৈঠকে ‘দিল্লি বিয়েনালে’ জটায়ুকে তুলে ধরার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের সুরেশ গোপী বলেন, তিনি জেনেছেন যে গজেন্দ্র সিং শেখাওয়াত জটায়ুপাড়ায় যাবেন। দিল্লি বিয়েনালে জটায়ুর উপস্থিতি নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি এবং বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনা হয়েছে।

চাদায়ামঙ্গলমের এই জটায়ু ভাস্কর্য বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। ‘রামায়ণ’ ছবিতে রাবণের সঙ্গে পৌরাণিক পাখি জটায়ুর সংঘর্ষের দৃশ্য দেখানোর পর থেকেই এই স্থান ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ও আগ্রহ অনেকটাই বেড়ে গিয়েছে।

পাহাড়ের ওপর ডানা কাটা অবস্থায় পড়ে থাকা একটি শকুনের আদলে তৈরি এই ভাস্কর্যটি সীতা অপহরণের সময় রাবণের সঙ্গে জটায়ুর যুদ্ধের পরবর্তী মুহূর্তকে তুলে ধরে। পৌরাণিক কাহিনি অনুযায়ী, সীতাকে বাঁচাতে গিয়ে রাবণের হাতে পরাজিত হয়েছিলেন জটায়ু এবং রাবণ তাঁর ডানা কেটে দেন।

উল্লেখ্য, ২০০৪ সালে অনুমোদন পেয়েছিল জটায়ু আর্থ সেন্টার প্রকল্প। জটায়ু নেচার পার্ক নামেও পরিচিত এই ইকো-ট্যুরিজম প্রকল্পটির পরিকল্পনা, নকশা ও নির্মাণের নেপথ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও ভাস্কর রাজীব আঞ্চল। পৌরাণিক কাহিনির প্রতি মানুষের নতুন করে আগ্রহ বাড়ার মাঝেই শেখাওয়াত ও মোদীর এই সম্ভাব্য সফরের খবর সামনে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *