মেট্রোর ভিড়ে অশ্লীল কাণ্ড! তরুণীর চিৎকারের পর রবীন্দ্র সদনে চম্পট অভিযুক্তের

কলকাতা মেট্রোর ভেতরে এক তরুণী যাত্রীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ভিড়ের সুযোগ নিয়ে তরুণীর ঠিক পিছনে দাঁড়িয়ে অসভ্যতা শুরু করেন। তরুণীর দাবি, প্রতিবাদ করলেও ওই ব্যক্তি নিজের আচরণ শোধরাননি, বরং আরও অশালীনভাবে व्यवहार করতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে মেট্রোর কামরায় শোরগোল পড়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই শেকসপিয়ার সরণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী।

ঘটনাটি গত বুধবার রাতের। অভিযোগ অনুযায়ী, ওই তরুণী রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে ট্রেনে ওঠেন। এসপ্ল্যানেড স্টেশন থেকে অভিযুক্ত ব্যক্তি কামরায় প্রবেশ করেন। তরুণীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সামনে এসে তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে পড়েন।

কিছুক্ষণ পর তরুণী বুঝতে পারেন, পিছন থেকে কেউ তাঁর শরীর স্পর্শ করার চেষ্টা করছেন। তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। কিন্তু তরুণীর অভিযোগ, জোরাল প্রতিবাদ সত্ত্বেও অভিযুক্তের অশালীন আচরণ বন্ধ হয়নি। বরং ওই ব্যক্তির প্যান্টের চেন নামানো ছিল এবং আপত্তিকর অবস্থায় ছিল বলেও অভিযোগ করেন তরুণী। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তরুণী চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন অভিযুক্ত ব্যক্তি একটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন বলে দাবি করেছেন তিনি।

তরুণীর চিৎকারে কামরার অন্যান্য যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য ও শোরগোল শুরু হয়। সহযাত্রীরা চিৎকার চেঁচামেচি করতে থাকলে অভিযুক্ত ব্যক্তি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে যান। তরুণীর দাবি, অভিযুক্ত ব্যক্তি মদ খেয়ে মেট্রোয় উঠেছিলেন এবং সেখানে উপস্থিত অন্য এক যাত্রী জানান, এরকম ঘটনা অভিযুক্ত আগেও ঘটিয়ে থাকতে পারেন।

রাত ৯টা ২৪ মিনিটে নিজের গন্তব্য কবি নজরুল মেট্রো স্টেশনে নামেন ওই তরুণী। তাঁর অভিযোগ, স্টেশনে গিয়ে বিষয়টি জানালেও সেখান থেকে কোনও সাহায্য মেলেনি। এরপর বৃহস্পতিবার তিনি শেকসপিয়ার সরণী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তরুণীকে সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে রবীন্দ্র সদন ও চাঁদনি চক মেট্রো স্টেশনে যায়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তরুণী জানান, মেট্রোয় প্রচণ্ড ভিড় থাকায় প্রথমে তিনি বিষয়টি বুঝে উঠতে পারেননি। কয়েক মুহূর্ত পর বুঝতে পারেন পিছনে অস্বাভাবিক কিছু ঘটছে। অনেক কষ্টে ঘুরে তাকিয়ে দেখেন, একটি হাত পিঠ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছে এবং অভিযুক্তের প্যান্টের চেন খোলা অবস্থায় রয়েছে। ওই যাত্রী অত্যন্ত অশালীন ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন বলে দাবি করেন তিনি। তরুণীর কথায়, সেই সময় কয়েকজন অভিযুক্তকে ঘিরে ধরেন এবং লুকোনোর জন্য সে প্লাস্টিকের প্যাকেট চেপে ধরেছিল, কিন্তু হাত থেকে প্লাস্টিকটি পড়ে যায়। এরপরই অভিযুক্ত রবীন্দ্র সদন স্টেশনে নেমে পালিয়ে যায়। তরুণী জানান, তিনি অভিযুক্তকে আটকাতে এবং ছবি বা ভিডিও তুলতে চেয়েছিলেন, কিন্তু ফোন ব্যাগে থাকায় ওই মুহূর্তে তা সম্ভব হয়নি। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *