অন্নপূর্ণা যোজনায় ফের ভেরিফিকেশনের জল্পনা, নভেম্বরের টাকা আটকে থাকলে কীভাবে যাচাই করবেন?

ফের চর্চায় অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পে প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। জুন মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন যোগ্য মহিলারা। সরকারের নির্ধারিত পারিবারিক আয়সীমার মধ্যে যাঁরা রয়েছেন, মূলত তাঁরাই এই ভাতার আওতায় আসছেন।
আবেদনকারীদের যোগ্যতা যাচাই করতে একাধিকবার ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হচ্ছে। এর মধ্যেই ফের নতুন করে ভেরিফিকেশনের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যাঁরা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন, তাঁদের মধ্যে কেউ অযোগ্য বলে প্রমাণিত হলে তালিকা থেকে নাম বাদ পড়তে পারে বলে শোনা যাচ্ছে। যদিও নতুন ভেরিফিকেশন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে অযোগ্যদের তালিকা থেকে বাদ দিতেই পুনরায় যাচাই প্রক্রিয়া হতে পারে বলে নানা মহল থেকে দাবি উঠছে।
এদিকে, যাঁদের অ্যাকাউন্টে এখনো নভেম্বর মাসের টাকা পৌঁছায়নি, তাঁদের পোর্টালে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রেই পোর্টালে আবেদনের স্ট্যাটাস আন্ডার প্রসেস বা প্রক্রিয়াধীন অবস্থায় দেখাচ্ছে। এমনকি যোগ্য হওয়া সত্ত্বেও অনেকের প্রাপ্য অর্থ আটকে রয়েছে বলে অভিযোগ উঠছে। সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে ক্লেইম বা দাবি জানালে বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকতে পারে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাচাই প্রক্রিয়ার সময় কোনো আবেদনকারীর নথিপত্রে ত্রুটি, বানান বা নামের ভুল কিংবা সন্দেহজনক কোনো বিষয় সামনে এলে আবেদনটি সঙ্গে সঙ্গে বাতিল করা হচ্ছে না। বরং তা আন্ডার প্রসেস পর্যায়ে রাখা হচ্ছে। তাই সঠিক তথ্য জানতে এবং বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে স্ট্যাটাস যাচাই করার ওপর জোর দেওয়া হচ্ছে।