‘প্রভুদের খুশি করতেই আগুন লাগাচ্ছে!’-নাম না করে ভারতকে নিশানা তারেক রহমানের

ফের অশান্ত বাংলাদেশ। সামনে আসছে একের পর এক হিংসার ছবি। এমন পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে বিদেশের মাটি থেকে হিংসা ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনও দেশের নাম না করেই তিনি সীমান্তের ওপারে একটি দেশের উল্লেখ করেন। তাঁর এই মন্তব্যের ইঙ্গিত যে ভারতের দিকে, তা স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। তারেক রহমানের অভিযোগ, শেখ হাসিনার সমর্থকরা তাদের প্রভুদের খুশি রাখতে বাংলাদেশে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছে।
বিএনপি-র লালমনিরহাট জেলা শাখার আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তারেক রহমান। সেখানেই তিনি জানিয়ে দেন, অগ্নিসংযোগ, জোর করে মানুষকে নিখোঁজ করা এবং খুনের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, বাংলাদেশের মানুষ এই ধরনের রাজনীতি আর মেনে নিতে রাজি নন। সংবাদমাধ্যম সূত্রে খবর, তারেক রহমান বলেন, অনেক হয়েছে, এই সন্ত্রাসবাদী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে।
বৃহস্পতিবার আওয়ামী লিগের দেশজুড়ে বনধ বা লকডাউনের ডাককে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে হিংসা ছড়িয়েছে। ঘটেছে একাধিক অগ্নিসংযোগের ঘটনা। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১০টি জেলায় হামলার ঘটনা সামনে এসেছে। বাস, পার্টি অফিস এবং রেল পরিকাঠামোকে মূলত টার্গেট করা হয়েছে।
এই অশান্তির জন্য যে শেখ হাসিনা দায়ী, তা নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন তারেক রহমান। বাংলাদেশে ১৬ বছর ক্ষমতায় ছিলেন হাসিনা। তবে ২০২৪ সালে প্রতিবেশী দেশে গণঅভ্যুত্থান হয় এবং সেই সময় বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। তারপর থেকে ভারতেই রয়েছেন হাসিনা। তাঁর দল আওয়ামী লিগকে পরবর্তীতে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, দু’ক্ষেত্রেই নিষেধাজ্ঞার মুখে পড়ে দলটি।
তারেক রহমান বলেন, তিনি যখন জনসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, তখনই একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সেটি সীমান্তের ওপারে এবং সেখানেই তাদের প্রভুরা রয়েছেন। সেই প্রভুদের খুশি রাখতেই তারা ষড়যন্ত্র করছে বলে দাবি তাঁর। যদিও সরাসরি ভারতের নাম করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে সীমান্তের ওপারের দেশ বলতে তিনি যে ভারতের কথাই বুঝিয়েছেন, তা স্পষ্ট বলে মনে করা হচ্ছে। তাঁর অভিযোগ, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তারা আবার আগুন লাগাচ্ছে এবং মানুষ খুনের রাজনীতি শুরু করেছে। হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় অবনতি হয়। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সেই সম্পর্কের আরও অবনতি ঘটে। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে।
চলতি সপ্তাহে বাংলাদেশজুড়ে হিংসা চরমে উঠেছে। নড়াইলে একটি রাজনৈতিক মিছিলে হামলায় বিএনপির দুই নেতার মৃত্যু হয়েছে এবং পিরোজপুরে পৃথক অগ্নিসংযোগের ঘটনায় এক বাস সহকারীর মৃত্যু হয়েছে। গ্রামীণ ব্যাঙ্কের কার্যালয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়িতেও আগুন লাগানোর খবর প্রকাশ্যে এসেছে। চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও বুধবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন এবং ঢাকায় আওয়ামী লিগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। অন্যদিকে, ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা, যার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ।