টিকিট টু ফিনালে টাস্কে রিকশা থেকে ধাক্কা, রক্তাক্ত সৌরভের পরিবার জীতুকে নিয়ে যা বলল শুনলে চমকে উঠবেন!

বিগ বস বাংলার ঘরে পরিস্থিতি এখন রীতিমতো যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। টিকিট টু ফিনালে জয়ের লড়াইয়ে সৌরভ দাসকে রিকশা থেকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেন জীতু কমল। ছাউনি ভেঙে মাটিতে পড়ে গুরুতর চোট পান সৌরভ, এমনকি কেটে গিয়ে রক্তও বেরোয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে সৌরভের পরিবার। জীতুর বিরুদ্ধে সরাসরি ধ্বংসাত্মক মানসিকতার অভিযোগ তুলেছেন তাঁরা।
একটি সাক্ষাৎকারে সৌরভের বাবা-মায়ের গলায় স্পষ্ট ধরা পড়েছে চরম উদ্বেগ। সৌরভের মা জানান, যেভাবে সৌরভকে ছিটকে দেওয়া হয়েছে, তা অত্যন্ত অনৈতিক এবং বিপজ্জনক। তাঁর কথায়, পড়ে গিয়ে মুখটা ফেটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারত। সৌরভের মায়ের দাবি, সৌরভ বরাবর নিয়ম মেনে একা খেলতে পছন্দ করেন, কাউকে আঘাত করে ট্রফি জেতার মানসিকতা তাঁর নেই।
জীতুর পুরনো নানা আচরণও এদিন সামনে আনেন সৌরভের পরিবার। সৌরভের মায়ের অভিযোগ, জীতুর মধ্যে এক ধরনের ধ্বংসাত্মক মানসিকতা কাজ করছে এবং তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। অতীতে লোহার রড দিয়ে বিগ বসের ঘর ভাঙার হুমকি, খাবারে অতিরিক্ত লঙ্কা বা চিনি মেশানো এবং নিজের বিশাল চেহারার জোর দেখিয়ে নিরঞ্জনকে ভয় দেখানোর মতো ঘটনার কথাও তুলে ধরেন তাঁরা। ক্ষোভ উগরে দিয়ে সৌরভের মা প্রশ্ন তোলেন, বিগ বসে ট্রফি না জিতলে কি জীবন নষ্ট হয়ে যায়?
ঘরের ভেতরের সমীকরণ নিয়েও প্রশ্ন তুলেছেন সৌরভের মা। তাঁর দাবি, জীতু ও রাজবীরের মধ্যে গোপন আঁতাত তৈরি হয়েছে এবং রিকশার টাস্কে রাজবীর শুধু সৌরভকেই নিশানা করেছিলেন। আগে নিরঞ্জনের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ টেনে রাজবীরের ক্যাপ্টেন্সিকেও কটাক্ষ করেন তিনি। দাদার পাশে দাঁড়িয়ে কথা বলেছেন সৌরভের বোনও। পাশাপাশি, জীতুর আচরণ নিয়ে মনামীর মায়ের করা পুরনো মন্তব্যের সঙ্গেও একমত প্রকাশ করেছে সৌরভের পরিবার।
টিকিট টু ফিনালের শেষ টাস্কে একটি রিকশায় পাশাপাশি বসেছিলেন জীতু ও সৌরভ। নিয়ম অনুযায়ী, অন্য প্রতিযোগীরা তাঁদের বিরক্ত করতে পারবেন, তবে ধাক্কা দেওয়া বা রিকশা ঝাঁকানো নিষিদ্ধ ছিল। টাস্ক চলাকালীন অনুশ্রী ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা গরম করে ধোঁয়া ছাড়তে থাকেন এবং রাজবীর দু’জনের হাতেই ফোম মাখাতে শুরু করেন। সেই সময় সৌরভ সামান্য নিচের দিকে ঝুঁকতেই ক্ষমা চেয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন জীতু। ছাউনি ভেঙে সশব্দে মাটিতে পড়ে যান সৌরভ।
সৌরভের দাবি, খেলার মধ্যেই নাকি জীতু শিবের দিব্যি কেটে স্বেচ্ছায় হেরে সৌরভকে জিতিয়ে দেওয়ার কথা বলেছিলেন, যদিও সৌরভ নিজে তাতে সম্মত হননি। চোট পেয়ে কিছুটা মেজাজ হারালেও পরে খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে জিতুর সঙ্গে হাত মেলান সৌরভ। তবে নিরঞ্জন, তনুশ্রী, রণিতা ও দুর্নিবাররা জীতুর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। পুরো ঘটনা দেখেও সৃজলা কেন নীরব ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ।
শেষ পর্যন্ত জিতুকেই টিকিট টু ফিনালের বিজয়ী ঘোষণা করে বিগ বস এবং সৌরভের লড়াইয়ের প্রশংসা করা হয়। কিন্তু গভীর রাতে ঘটে যায় নাটকীয় মোড়। সবাই ঘুমিয়ে পড়লে কনফেশন রুমের সামনে গিয়ে টিকিট ফিরিয়ে দেওয়ার আর্জি জানান জীতু। নিয়ম না ভাঙলে টিকিট নিয়ে নেওয়ার কথা বলে আগামী দু’সপ্তাহ লড়াই করেই ফাইনালে যেতে চান তিনি। এখন দেখার, জীতুর এই আবেদনে বিগ বস কী সিদ্ধান্ত নেয়।