টিকটক বন্ধ হলে অ্যাপ ক্যাব নয় কেন?’ ভাড়া বৃদ্ধি ও নিষেধাজ্ঞার দাবিতে উত্তাল পরিবহণ ধর্মঘট

বেসরকারি অ্যাপ-ভিত্তিক ক্যাব সংস্থাগুলির ভাড়া বাড়ানোর প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ ও নিজেদের দাবিদাওয়া নিয়ে এবার রাস্তায় নামলেন উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের ট্যাক্সি এবং অটোচালকরা। বৃহস্পতিবার ট্যাক্সি ও অটোচালকদের ধর্না ও ধর্মঘটের জেরে দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। পাশাপাশি পঞ্জাব ও হরিয়ানাতেও যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হন সাধারণ মানুষ। বেসরকারি অ্যাপ ক্যাব নিষিদ্ধ করার পাশাপাশি অটো ও ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন আন্দোলনকারীরা।
ভাড়ার চাপে নাজেহাল যাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লি ও আশপাশের এলাকায় ক্যাব ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে যায় বলে অভিযোগ। সাধারণ দিনে গ্রেটার কৈলাস থেকে নয়ডা ফিল্ম সিটি যেতে যেখানে প্রায় ৩০০ টাকা ভাড়া লাগে, সেখানে এদিন সকাল ৯টা নাগাদ ওলা ও র্যাপিডোর ভাড়া ৪০০ টাকার ওপরে উঠে যায়। বেলা ১০টা বাজতেই তা ৫০০ টাকা ছাড়িয়ে যায় এবং কোথাও কোথাও ওই একই পথে যেতে যাত্রীদের ৮০০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুধু ক্যাবই নয়, অটো ও ট্যাক্সির ভাড়াতেও বাড়তি চাপ পড়ে। অন্য দিন অটোতে তিন কিলোমিটার যেতে যেখানে ৭০ থেকে ৮০ টাকা লাগে, সেখানে এদিন প্রায় ১০০ টাকা দিতে হয়েছে। অন্যদিকে ঘণ্টার হিসেবে ১০ কিলোমিটার যেতে যেখানে ট্যাক্সির ভাড়া ৩০০ টাকার কাছাকাছি থাকে, সেখানে বৃহস্পতিবার ৪০০ টাকা গুনতে হয়েছে যাত্রীদের।
রামলীলা ময়দানে ধর্না ও একাধিক দাবি এই পরিস্থিতিতে দিল্লির রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ভারতীয় মজদুর সঙ্ঘ এবং ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসঙ্ঘ। অটো ও ট্যাক্সির ভাড়া বৃদ্ধির পাশাপাশি বেসরকারি অ্যাপ ক্যাব এবং বাইক পরিবহণ পরিষেবা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি অটোরিকশার ক্ষেত্রে নির্ধারিত ফিটনেস সংক্রান্ত নিয়ম প্রত্যাহারেরও দাবি তুলেছেন চালকরা। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
এক ট্যাক্সিচালক সংবাদমাধ্যমকে প্রশ্ন তোলেন, সরকার যদি টিকটক নিষিদ্ধ করতে পারে, তবে ওলা, উবার ও র্যাপিডো কেন নিষিদ্ধ করা যাবে না? তাঁর দাবি, ওই অ্যাপ সংস্থাগুলি নিষিদ্ধ হলে স্থানীয় ট্যাক্সি ও অটোচালকরা উপকৃত হবেন।
সরকারের বিরুদ্ধে ক্ষোভ ভারতীয় মজদুর সঙ্ঘ এবং ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসঙ্ঘের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের পরিবহণ কর্মীরা এই ধর্মঘটে শামিল হয়ে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। সংগঠনের দাবি, গত দেড় বছর ধরে দিল্লিতে বিজেপির সরকার থাকলেও ট্যাক্সি ও অটোচালকদের দেওয়া কোনও প্রতিশ্রুতিই পূরণ করা হয়নি।