‘মানসিক মাওবাদীরা তাণ্ডব চালিয়েছে!’ মেডিক্যাল কলেজে অশান্তিতে বিস্ফোরক শারদ্বত, পাল্টা মিছিলে জুনিয়র ডাক্তাররা

কলকাতা মেডিক্যাল কলেজের অশান্তি ঘিরে এবার কড়া অবস্থান নিল স্বাস্থ্য ভবন। হাসপাতালের পরিষেবা ব্যাহত করে আন্দোলন বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আইন ভেঙে অশান্তি ছড়ালে সংশ্লিষ্ট চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার মেডিক্যাল কলেজে ভাঙচুর, অধ্যক্ষ ও অন্য আধিকারিকদের হেনস্থার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে মেডিক্যাল কলেজের এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে তলব করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের গ্রিন রুমে তাঁর সঙ্গে বৈঠকে বসেন তিনি, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন শারদ্বত। স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, মেডিক্যাল কলেজে ১০ থেকে ১৫ জন ‘মানসিক মাওবাদী’ তাণ্ডব চালিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁরা প্রত্যেকেই ইন্টার্ন।
রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি ও জুনিয়র ডাক্তারদের মিছিল মন্ত্রীর কথায়, মেডিক্যাল কলেজে রাজনীতি করা চলবে না এবং ডিএসও হামলা চালিয়েছে। অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, পাথর ছোড়া হয়েছে এবং গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, হাসপাতালের পরিষেবা বন্ধ রেখে কোনও আন্দোলন করা যাবে না এবং আইন ভাঙলে রেজিস্ট্রেশন বাতিলের মতো পদক্ষেপও করা হতে পারে।
এই পরিস্থিতিতে আন্দোলন আরও জোরদার করার পথে জুনিয়র চিকিৎসকেরা। বুধবারের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারই বিকেল ৫টায় হাসপাতাল চত্বরে জমায়েতের ডাক দেন তাঁরা এবং সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানান। কোনও ব্যানার ছাড়াই বিভিন্ন সংগঠনকে অংশগ্রহণের আবেদন জানানো হয় এবং জমায়েত শেষে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল যায়।
তিন সদস্যের তদন্ত কমিটি ও অধ্যক্ষের অনুপস্থিতি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। কমিটিতে রয়েছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এমএসভিপি দিবাকর হালদার, কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিওলজি বিভাগের প্রধান সোমনাথ দে এবং গ্যাস্ট্রোএনটারোলজি বিভাগের দীপঙ্কর রায়। শুক্রবারই কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কলেজের ভেতরে হামলার পাশাপাশি বহিরাগতদের ভূমিকাও খতিয়ে দেখতে বলা হয়েছে এবং প্রয়োজন হলে তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)-এর সাহায্য নিতে পারবে কমিটি।
এ দিন স্বাস্থ্য ভবনে উপস্থিত ছিলেন না মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। এমএসভিপি জানিয়েছেন, অসুস্থতার কারণে তিনি ছুটিতে রয়েছেন এবং আপাতত অধ্যক্ষের কার্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন ডিন অরূপ চক্রবর্তী। যদিও বুধবার রাতের ঘটনার পর অধ্যক্ষের আচমকা ছুটিতে যাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশি পদক্ষেপ ও ঘটনার সূত্রপাত মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার রাতে হাসপাতাল চত্বর ছাড়ার আগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ, যেখানে ঘেরাও চলাকালীন একদল বহিরাগত কলেজে ঢুকে ভাঙচুর চালায় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, বুধবারের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। স্বাস্থ্যমন্ত্রীও জানান, সিসিটিভি ফুটেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে দুর্ব্যবহারের ছবি ধরা পড়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর মধ্যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স, মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম-এর মতো সংগঠন। প্রসঙ্গত, চোরবাগান কাণ্ডে আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর এবং জরুরি বিভাগে ওষুধের অভাব নিয়ে সরব হওয়ায় আট জন ইন্টার্নকে শো-কজ করেছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
আন্দোলনকারীদের দাবি, বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকে শো-কজ প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন অধ্যক্ষ। এর প্রতিবাদে অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের ঘেরাও করে মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিল। আন্দোলনকারীদের অভিযোগ, সেই সময়ই এবিভিপি-র রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্যের নেতৃত্বে একদল সমর্থক কলেজে ঢোকেন, যাঁদের সঙ্গে এনএমও-র সমর্থকেরাও ছিলেন। দু’পক্ষের বচসা থেকে হাতাহাতি শুরু হয় এবং তালা ভাঙার চেষ্টা ও কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে। যদিও হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি এবং এনএমও নেতৃত্ব। শো-কজ প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ঘিরে কলকাতা মেডিক্যাল কলেজে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।