মার্চেই কি ২০২৭-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক? চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যসচিব, বড় আপডেট

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করার প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রস্তাব অনুযায়ী, পরীক্ষা চলতে পারে ১৬ মার্চ পর্যন্ত। অন্যদিকে, ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তবে দুই পরীক্ষার সূচিই এখনও চূড়ান্ত হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি। শিক্ষামন্ত্রীর কথায়, এটি প্রস্তাব মাত্র; দুই পরীক্ষার চূড়ান্ত সূচি স্থির করবেন মুখ্যসচিব।
কেন পরীক্ষার সূচি বদলের প্রস্তাব? উল্লেখ্য, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। জনগণনার কাজে বহু শিক্ষক-শিক্ষিকাকে যুক্ত থাকতে হবে, ফলে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হলে শিক্ষক সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই গত ২ নভেম্বর পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, পর্ষদের তরফে আগামী ২ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকের সূচি নিয়ে দীপক বর্মন বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আগামী ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে; তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সপ্তম ও অষ্টমের জন্য নতুন সংস্কৃত বই ‘অরুণ’ ও ‘কিরণ’ এদিন সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই প্রকাশের কথাও জানান শিক্ষামন্ত্রী। বই দুটির নাম ‘অরুণ’ ও ‘কিরণ’। বই দুটি দেখিয়ে তিনি বলেন, একটি সপ্তম শ্রেণির জন্য এবং অন্যটি অষ্টম শ্রেণির জন্য; মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই বই দুটি প্রকাশ করা হচ্ছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কথাবার্তার বিষয়গুলিই বইয়ে রাখা হয়েছে। তাঁর মতে, সংস্কৃত ধ্রুপদী ভাষা হলেও আজকের দিনেও যে এই ভাষা ব্যবহার করা সম্ভব, সেই ভাবনা থেকেই বই দুটি তৈরি করা হয়েছে।
বই দুটির বিশেষত্ব বই দুটির বিশেষত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, প্রতিটি বইয়ে ৪৫০টিরও বেশি ছবি ব্যবহার করা হয়েছে এবং ছাপার মানও আগের তুলনায় উন্নত করা হয়েছে। পর্ষদের তরফে এই প্রথম এ ধরনের সংস্কৃত বই প্রকাশ করা হচ্ছে বলে শিক্ষকদের সুবিধার জন্য বইয়ে প্রয়োজনীয় নির্দেশিকা ও পরামর্শ রাখা হয়েছে, যা কীভাবে পড়াতে হবে সে বিষয়ে শিক্ষকদের সাহায্য করবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, বইয়ে থাকা অনুশীলন ও প্রশ্নোত্তর লেখার ব্যবস্থা বইয়ের মধ্যেই রাখা হয়েছে, যাতে পড়ুয়ারা হোমওয়ার্ক বা অন্যান্য কাজ বইয়ের মধ্যেই করতে পারে এবং সেজন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। এছাড়াও বই দুটিতে ভারতের সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পাশাপাশি ‘বন্দে মাতরম’ সংযোজন করা হয়েছে বলে জানান তিনি।