‘গেম খেলছিল কানে হেডফোন লাগিয়ে…!’-দেড় বছরের শিশুর জল ডোবা মৃত্য়ুকে কেন্দ্র করে তুঙ্গে তরজা

রান্নাঘরে রাখা জলভর্তি গামলায় ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বারাসতের হাটখোলা এলাকায়। মৃত ওই শিশুর নাম প্রিয়াংশু বাড়ুই। এই মৃত্যুকে কেন্দ্র করে এখন বাবা ও মায়ের পালটা অভিযোগে চরম তরজা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির বাবা বিপ্লব বাড়ুই এবং মা স্নেহা মণ্ডল বছর দেড়েক ধরে আলাদা থাকছেন। সন্তান জন্মের পর থেকেই তাঁরা পৃথকভাবে বসবাস করছিলেন। এদিন আচমকাই খবর আসে, বাড়িতে জলভর্তি গামলায় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে শিশুটি। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পরেই শুরু হয় আসল বিতর্ক। মৃত শিশুর বাবা বিপ্লব বাড়ুইয়ের মারাত্মক অভিযোগ, সন্তানের প্রতি চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তাঁর স্ত্রী। ক্ষোভ প্রকাশ করে বিপ্লব বলেন, “ওদের ঘরে ২০-২২ জন লোক রয়েছে। কেউ দেখল না? এটা কীভাবে সম্ভব? ওর মা গেম খেলছিল, কানে হেডফোন লাগিয়ে খেলায় মত্ত ছিল। ছেলের দিকে কোনো খেয়ালই ছিল না। আমি খবর পেয়ে যখন ওই বাড়িতে যাই, সবাই আমাকে ঘিরে ধরে।”

যদিও স্বামীর সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শিশুর মা স্নেহা মণ্ডল। নিজের সাফাইয়ে তিনি জানান, সেই মুহূর্তে তিনি ঘরে বসে জামাকাপড় ভাঁজ করছিলেন। স্নেহার দাবি, “আমি গেম খেলি ঠিকই, কিন্তু সেটা একমাত্র আমার ছেলে যখন ঘুমিয়ে থাকে, তখন। অন্য কোনো সময়ে আমি গেম খেলি না।” পাশাপাশি তাঁর পরিবারের লোকজনের দাবি, ঘটনার সময় বাড়িতে ২০-২২ জন নয়, মাত্র ৪-৫ জন সদস্য ছিলেন। শিশুটি সচরাচর রান্নাঘরে যেত না, তাই সে কখন সেখানে চলে গিয়েছিল তা কেউই বুঝতে পারেননি।

সন্তান হারানোর শোকের মধ্যেই বাবা-মায়ের এই পালটা অভিযোগে এলাকার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার নেপথ্যে প্রকৃত ঠিক কী ঘটেছিল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত ও তীব্র জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *