‘লঙ্কায় রাবণ মরল, বেহুলা কেঁদে বিধবা হল!’ ভারতের SIR নিয়ে হঠাৎ কেন মাথা ব্যথা জামাতদের??

একেই বোধ হয় বলে, লঙ্কায় রাবণ মরল, বেহুলা কেঁদে বিধবা হল! ভারতে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) বা বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হতেই ওপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্দরে ঘুম উড়েছে। ভারতের এই অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া যে এতদিন ধরে এ দেশে লুকিয়ে থাকা বহু বাংলাদেশি জামাত ও অনুপ্রবেশকারীদের পায়ের তলার মাটি টেনে ধরেছে, তা এই ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে। যার প্রমাণ মিলেছে জামাত-ই-ইসলামির ছাত্র সংগঠন ‘ইসলামি ছাত্র শিবির’-এর প্রতিক্রিয়াতেই। ভারতের এসআইআর প্রক্রিয়া নিয়ে সরাসরি আসরে নেমে তারা চরম আশঙ্কা প্রকাশ করেছে।

SIR ইস্যুতে ভারতীয় মুসলিমদের উস্কানির ছক জামাতদের

একটি সরকারি বিবৃতিতে ইসলামি ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ দাবি করেছেন যে, ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের বক্তব্য, এই তালিকা সংশোধনের প্রক্রিয়ায় মুসলিম ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। রাজনৈতিক মহলের মতে, এই বিবৃতির মাধ্যমে মূলত ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে উস্কানি দেওয়ার এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে জামাত।

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া ও ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে শিবিরের মাথাব্যথা

ওই বিবৃতিতে বিশেষভাবে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও টেনে এনেছে ইসলামি ছাত্রশিবির। তাদের দাবি, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের পর নাকি প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই নাকি মুসলিম! বৈধ পরিচয়পত্র এবং পারিবারিক নথি থাকা সত্ত্বেও বহু বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তুলেছে তারা।

এমনকি, কয়েকজনকে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে আটক করে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলেছে এই সংগঠন। একে মানবাধিকার লঙ্ঘনের তকমা দিয়ে ভারত সরকারের কাছে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির আর্জি জানিয়েছে তারা।

নিজেদের দেশ ভোগে পাঠিয়ে ভারতকে সংবিধান শেখাচ্ছে জামাত!

সবচেয়ে হাস্যকর ও বিতর্কিত বিষয় হলো, যে সংগঠন নিজেদের দেশকে কট্টরপন্থী ও চরম সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে, তারাই আজ ভারতের সংবিধানের ১৪ ও ১৫ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে আইনের চোখে সমানাধিকার এবং ধর্মের ভিত্তিতে বৈষম্যহীনতার পাঠ দিচ্ছে! অথচ, নিজেদের দেশে দিনের পর দিন সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্মম অত্যাচার চলছে, তা নিয়ে জামাত বা তাদের ছাত্র সংগঠনের মুখে টু শব্দটি নেই।

পাশাপাশি, জনপ্রতিনিধিত্ব আইন এবং নির্বাচক তালিকা নিবন্ধন বিধির কথা উল্লেখ করে যথাযথ যাচাই ছাড়া নাম বাদ না দেওয়ার দাবি তুলেছে তারা।

CAA, NRC থেকে UCC— সবেতেই জামাতের আপত্তি

শুধু ভোটার তালিকা সংশোধনেই থেমে থাকেনি ছাত্র শিবির। বিবৃতিতে ভারতের অভ্যন্তরীণ নীতির একাধিক সংবেদনশীল বিষয়—যেমন নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), NRC, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, অভিন্ন দেওয়ানি বিধি (UCC) এবং ওয়াকফ সংশোধনী আইন নিয়েও তীব্র আপত্তি জানিয়েছে তারা। মসজিদ ও মুসলিমদের বাড়িঘর ভাঙা এবং ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার মতো একপেশে অভিযোগও তোলা হয়েছে।

ভারত সরকারের কাছে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপের দাবি জানিয়ে যোগ্য ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে এই কট্টরপন্থী সংগঠন। এমনকি, এই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘ, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (OIC) এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির হস্তক্ষেপও দাবি করেছে তারা। সবমিলিয়ে, ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক নীতি নিয়ে ভিন্‌ দেশের একটি কট্টরপন্থী সংগঠনের এহেন মন্তব্য ও নাক গলানোর চেষ্টা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *