চাকরিপ্রার্থীদের জন্য বিরাট উপহার! সরকারি চাকরির পরীক্ষায় আর দিতে হবে না কোনো আবেদন ফি?

সরকারি চাকরির পরীক্ষায় বসতে গেলে ফর্ম ফিলআপ এবং আবেদন ফি জমা দেওয়া একপ্রকার বাধ্যতামূলক নিয়ম। বহু পরীক্ষার্থীকে প্রতিবার একাধিক চাকরির আবেদন করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হয়। চাকরি পাওয়ার আগেই এই অতিরিক্ত আর্থিক বোঝা থেকে রাজ্যের যুবক-যুবতীদের মুক্তি দিতে এক ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, আগামী দিনে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য পরীক্ষার্থীদের আর কোনো ফি দিতে হবে না।
এদিনের মঞ্চ থেকে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) ক্লার্কশিপ পরীক্ষার একটি বড় উদাহরণের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মাত্র ৯ হাজার শূন্যপদের জন্য প্রায় সাড়ে আট লক্ষ আবেদন জমা পড়েছে। প্রত্যেককে ৫০০ টাকা করে ফর্ম ফিলাপ বাবদ ফি দিতে হলে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা চরম আর্থিক সংকটের মুখে পড়ে। কিন্তু চাকরি পান মাত্র হাতেগোনা কয়েক হাজার প্রার্থী, আর বাকিদের পকেট থেকে টাকা বেরিয়ে যায়। এই সাধারণ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আবেদন ফি সম্পূর্ণ তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অর্থ দফতর এই নিয়ে কাজ করছে।
শুধু চাকরির পরীক্ষায় ফি মকুবই নয়, বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী:
-
‘ভরসা’ প্রকল্প: যারা গ্র্যাজুয়েশন বা নন-গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথচ এখনও চাকরি পাননি, তাঁদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্প চালু করা হচ্ছে। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ ৫ বছর এই প্রকল্পের মাধ্যমে ভাতা পাবেন প্রার্থীরা।
-
‘ভগিনী নিবেদিতা স্কিম’: উচ্চমাধ্যমিক পাশ করার পর যে ছাত্রীরা উচ্চশিক্ষার পথ বেছে নিতে চান, তাঁদের জন্য আসছে এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ছাত্রীদের তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিজেপির সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খুব শীঘ্রই এই নিয়মগুলি কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরির প্রস্তুতির এই অভিনব আর্থিক সহায়তার ঘোষণা রাজ্যে বেকারত্ব দূর করার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।