‘বাবার কোলে মা বসে থাকত”-রাজীব-সোনিয়ার ভালোবাসার কোন সিক্রেট ফাঁস করলেন রাহুল?

নয়াদিল্লিতে সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এর প্রকাশ অনুষ্ঠান যেন হয়ে উঠল এক আবেঘন ও অন্তরঙ্গ মুহূর্ত। এই অনুষ্ঠানে হাজির হয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর বাবা-মা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সনিয়া গান্ধীর জীবনের বেশ কিছু অজানা ও দুর্লভ স্মৃতির কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন।

জীবনে মাত্র একবারই বাবা-মাকে ঝগড়া করতে দেখেছিলেন!

অনুষ্ঠানে স্মৃতির পাতা উল্টে রাহুল জানান, শৈশবে তিনি এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী মাত্র একবারই বাবা-মাকে ঝগড়া করতে দেখেছিলেন। আর সেই ঝগড়ার কারণও ছিল অত্যন্ত সামান্য।

সেদিনের ঘটনা স্মরণ করে রাহুল জানান, রাজীব গান্ধী তখন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। ঠিক সেই সময়ে সনিয়া গান্ধী তাঁকে কোনো একটা কথা বোঝানোর চেষ্টা করছিলেন। বারবার বলার পরও রাজীবের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। রাহুলের রসিকতার সুরে করা মন্তব্য, “বাবা চাপে পড়ে গিয়েছিলেন, আর সেটাই ছিল ঝগড়া।”

রাজীব-সোনিয়ার গভীর ভালোবাসা ও শৈশবের সরল প্রশ্ন

বাবা-মায়ের সম্পর্কের গভীরতা যে পরিবারের দৈনন্দিন ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে প্রকাশ পেত, তাও এদিন তুলে ধরেন রাহুল। একসঙ্গে খাবার খাওয়ার সময় রাজীব গান্ধীর কোলে সোনিয়া গান্ধীর বসে থাকার দৃশ্যটি ছোটবেলায় তাঁর কাছে এতটাই স্বাভাবিক ছিল যে, তিনি অন্য পরিবারেও একই ছবি দেখতে চাইতেন।

একবার এক বন্ধুকে তিনি সরল মনে অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, “তোমার মা তোমার বাবার কোলে বসে নেই কেন?” রাহুলের কাছে এই ঘনিষ্ঠতা ছিল এক পরম স্বাভাবিক পারিবারিক অভ্যাস। পরবর্তী সময়ে তিনি বুঝতে পেরেছেন তাঁদের এই ভালোবাসার গভীরতা কতটা ছিল।

ইন্দিরা ও রাজীবের মৃত্যু কীভাবে বদলে দিয়েছিল সবকিছু?

অনুষ্ঠানে পরিবারের জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার অধ্যায়ের কথাও তুলে ধরেন রাহুল। ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং পরবর্তীতে ১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে আত্মঘাতী বিস্ফোরণে বাবা রাজীব গান্ধীর আকস্মিক মৃত্যু তাঁদের পরিবারকে কার্যত ভেঙে দিয়েছিল।

বাবার মৃত্যুর পর মায়ের জীবনের পরিবর্তনের কথা বলতে গিয়ে রাহুল জানান, সোনিয়া যেন রাজীবের সঙ্গেই নিজের জীবনের একটা বড় অংশকে জড়িয়ে রেখেছিলেন। রাজীব চলে যাওয়ার পর সেই জগৎটাই বদলে যায়। রাহুলের কথায়, “আমার বাবা-মা একে অপরের পরিপূরক ছিলেন। আর তার পর আমার বাবা হারিয়ে গেলেন।” ছোটবেলার সেই হাসিখুশি, প্রাণবন্ত মাকে এরপর আর আগের মতো দেখতে পাননি তিনি।

কেন স্মৃতিকথা লিখলেন সনিয়া?

অনুষ্ঠানে নিজের স্মৃতিকথা লেখার আসল কারণও ব্যাখ্যা করেন সনিয়া গান্ধী। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারকে নিয়ে নানা ধরনের গল্প ও অসত্য তথ্য ছড়ানো হয়েছে, যা তাঁদের গভীরভাবে আঘাত করেছে। তাই নিজের অনুভূতি, পরিবার সম্পর্কে অভিজ্ঞতা এবং সত্যটা মানুষের সামনে তুলে ধরার তাগিদেই এই বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত এই বইটি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে এবং সাধারণ পাঠকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *