‘ড্যাডি, আমি কি কিস করতে পারি?’ পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করার আগে বাবার কাছ থেকে অনুমতি নিতেন প্রভাস!

প্যান ইন্ডিয়া রেঞ্জে বর্তমানে দক্ষিণী সুপারস্টার প্রভাসের রাজত্ব কার না জানা! তাঁর সিনেমা মানেই বক্স অফিসে সুনামি এবং ফ্যানদের জন্য গ্যারান্টিড ধামাকা। পর্দার বাইরেও প্রভাসের জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে তাঁর খাবারদাবার কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে চর্চা লেগেই থাকে। তবে সম্প্রতি ‘রেবেল স্টার’-এর জীবনের এমন এক অজানা তথ্য সামনে এসেছে, যা শুনে অবাক হবেন ভক্তরা। কেরিয়ারের শুরুর দিকে সিনেমার পর্দায় রোমান্টিক দৃশ্য বা চুম্বনের দৃশ্যে অভিনয় করার আগে তিনি নাকি ফোন করতেন বাবাকে!

প্রভাসের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা প্রভাস শ্রীণু সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর শুরুর দিনগুলির বেশ কিছু মজার স্মৃতি শেয়ার করেছেন। তিনি জানান, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আদভি রামুডু’ সিনেমার একটি রোমান্টিক ও চুম্বনের দৃশ্যে অভিনয়ের আগে সটান বাবাকে ফোন করেছিলেন প্রভাস। প্রবীণ অভিনেতা ও প্রযোজক তথা বাবা উপ্পলপতি সূর্যনারায়ণ রাজুকে ফোন করে প্রভাস নাকি সোজা জিজ্ঞেস করেছিলেন, “ড্যাডি, আমি কি সিনেমায় চুমু খেতে পারি?” ছেলের এমন সরল প্রশ্নে বাবাও মজার ছলে উত্তর দিয়েছিলেন, “খেয়ে নাও বাবা, এটা তো সিনেমার জন্যই।” বাবার থেকে সেই ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পরেই নাকি ওই দৃশ্যে অভিনয় করেছিলেন প্রভাস।

পারিবারিক সূত্রে ফিল্মি ব্যাকগ্রাউন্ড থাকলেও প্রভাস সবসময়ই তাঁর বাবা সূর্যনারায়ণ রাজুর প্রতি অগাধ শ্রদ্ধা বজায় রেখে চলতেন। শুটিংয়ের খুঁটিনাটি থেকে কেরিয়ারের নানা সিদ্ধান্ত—সবকিছুতেই বাবার মতামতকে গুরুত্ব দিতেন তিনি। ইন্ডাস্ট্রির এত বড় সুপারস্টার হয়ে ওঠার পরও পরিবারের প্রতি তাঁর এই নিখাদ ভালোবাসা এবং বাবা-ছেলের বন্ধুত্বের সম্পর্ক সত্যিই অনুপ্রেরণাদায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *