ভিনরাজ্য ছেড়ে এবার নিজের গ্রামেই চাকরির হাতছানি! বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকের মোবাইলে বড় বার্তা রাজ্যের

ভিনরাজ্যের টানাপোড়েন ছেড়ে এবার ঘরের ছেলেকে ঘরে ফেরাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ভিনরাজ্যে কর্মরত বাংলার প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়ে সরাসরি মোবাইল বার্তা (SMS) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রম দপ্তরের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই বার্তা পাঠানো হচ্ছে, যার মূল লক্ষ্য পরিযায়ী শ্রমিকদের নিজ গ্রামেই কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘বিকশিত ভারত–জি রাম জি’ প্রকল্পের মাধ্যমে এই কর্মসংস্থানের সুযোগ মিলছে। গত ১ জুলাই থেকে রাজ্যে চালু হওয়া এই প্রকল্পে বছরে ১২৫ দিন পর্যন্ত কাজ পাওয়ার সুযোগ রয়েছে। শ্রমিকের দক্ষতার ওপর ভিত্তি করে এই প্রকল্পে দৈনিক মজুরি নির্ধারিত হয়েছে— যেখানে অদক্ষ শ্রমিকরা প্রতিদিন ৩০০ টাকা, অর্ধদক্ষ শ্রমিকরা ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকরা ৬০০ টাকা পর্যন্ত মজুরি পেতে পারেন।
যাঁদের জব কার্ড রয়েছে, তাঁরা গ্রামে ফিরে সরাসরি এই সুযোগ নিতে পারেন। আর যাঁদের জব কার্ড নেই, তাঁদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ২২টি জেলার মধ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন মুর্শিদাবাদে (৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন), মালদহে (২ লক্ষ ৮৬ হাজার ৩২৯ জন) এবং পশ্চিম মেদিনীপুরে (১ লক্ষ ৬৮ হাজার ৫৭০ জন)। এছাড়া নদিয়া ও পূর্ব মেদিনীপুরেও লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের সন্ধান মিলেছে। ভিনরাজ্যের কষ্ট দূর করে নিজ রাজ্যে কাজের এই সুযোগ কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।