বিয়ের আগেই বাবা হলেন দেবাংশু! তৃণমূল নেতার বাড়ির দরজায় গভীর রাতে কে রেখে গেল কার্তিক ঠাকুর?

সোমবারই মহাসমারোহে বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সামনেই তাঁর বিয়ের পিঁড়িতে বসার কথা। কিন্তু তার আগেই ঘটে গেল এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা! বিয়ের সানাই বাজার আগেই গভীর রাতে আচমকা তাঁর বাড়ির দরজায় এসে হাজির হল কার্তিক ঠাকুর। আর এই পুরো ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী হয়েছিল?
সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির দরজায় একটি কার্তিক ঠাকুর দেখতে পান দেবাংশু, যা দেখে রীতিমতো চমকে যান তিনি। এরপর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, রাত আড়াইটে নাগাদ হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাইকে চেপে এসে সন্তর্পণে এই কাণ্ড ঘটিয়ে গিয়েছেন। তবে ওই দুষ্কৃতীদের কাউকেই চিনতে পারেননি তৃণমূল নেতা। শুধু তাই নয়, কার্তিক ঠাকুরের সঙ্গেই একটি রহস্যজনক চিঠিও রেখে গিয়েছেন সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। যে চিঠির বয়ানে লেখা রয়েছে, ‘‘প্রিয় বাবা দেবাংশু ভট্টাচার্য!’’
পুরো ঘটনাটি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজার ছলেই প্রতিক্রিয়া দিয়েছেন দেবাংশু। তিনি লিখেছেন, ‘‘যারাই করেছেন, তাঁদের বলি, আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ!’’ একই সঙ্গে রসিকতার সুরে তাঁর প্রশ্ন, ‘‘বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো?’’ তবে কাউকে ফিরিয়ে না দিয়ে প্রভু কার্তিককে সপরিবারে সাদরে গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে বাগদানের খবর সামনে আসার পর হবু স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা ট্রোলিং ও মিম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন দেবাংশু। রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগহীন এক মহিলাকে টেনে এনে এমন আক্রমণকে একহাত নিয়েছিলেন তিনি। তবে সব বিতর্ককে পেছনে ফেলে এবার দেবাংশুর বাড়ির এই কার্তিক ঠাকুরের কাণ্ডই এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।