১০০ মিটার গভীর খাদে গাড়ি, বদ্রীনাথ হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত অন্তত ৮!

পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় উত্তরাখণ্ডে ঘটে গেল এক মর্মান্তিক ও ভয়াবহ বাস দুর্ঘটনা (Uttarakhand Bus Accident)। ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে গুলার মার্কেটের কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার নীচে নদীর ধারে প্রবল জলস্রোতে গিয়ে পড়ে একটি যাত্রীবোঝাই বাস (Bus Falls into Gorge)। দুর্ঘটনার সময় ওই বাসে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে তেহরি গঢ়বাল জেলার গুলার বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে ধরে পাহাড়ি রাস্তা পার হওয়ার সময় আচমকাই চালক বাসের ওপর থেকে নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে সেতু থেকে ছিটকে প্রায় ১০০ মিটার নীচে নদীর ধারে গিয়ে আছড়ে পড়ে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে বাসের ভিতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। কয়েকজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (SDRF)। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনার ভয়াবহতা বুঝে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন তেহরি গঢ়বালের জেলাশাসক এবং সিনিয়র পুলিশ সুপার। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্গমের পাহাড়ি এলাকা এবং নদীর ধার হওয়ায় উদ্ধারকাজে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।
কীভাবে বাসটি সেতুর উপর নিয়ন্ত্রণ হারাল, তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি, মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং বাসে থাকা সমস্ত যাত্রীর সঠিক খোঁজ নিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের আশঙ্কা, উদ্ধারকাজ সম্পূর্ণ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।