রাতে ওয়াই-ফাই বা মোবাইল ইন্টারনেট চালু রেখে ঘুমালে কি সত্যিই ক্যানসার বা বড় কোনো রোগ হয়? জানুন আসল সত্যি

এখনকার দিনে ওয়াই-ফাই ও মোবাইল ইন্টারনেট আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। বাড়ি হোক বা অফিস—প্রায় সর্বত্রই ২৪ ঘণ্টা চালু থাকে ওয়াই-ফাই রাউটার। অন্যদিকে, অনেকেই রাতে ঘুমানোর সময়ও ফোনের মোবাইল ডেটা অন রাখেন। কিন্তু মনে প্রশ্ন জাগে, রাতে ইন্টারনেট চালু রাখলে কি শরীরের কোনো মারাত্মক ক্ষতি হয়? নাকি ঘুমানোর আগে তা বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ?

বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই রাউটার ও মোবাইল নেটওয়ার্ক থেকে এক ধরনের তরঙ্গ নির্গত হয়, যাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন (Electro Magnetic Radiation) বলা হয়। তবে এটি এক্স-রে বা গামা রশ্মির মতো ক্ষতিকর নয়, কারণ এই তরঙ্গের শক্তি অনেকটাই কম। সাধারণ ওয়াই-ফাই সিগন্যাল শরীরের ডিএনএ (DNA) নষ্ট করে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। গবেষকদের মতে, বাড়িতে ব্যবহৃত ওয়াই-ফাই সিগন্যাল সর্বদা নির্ধারিত নিরাপদ সীমার মধ্যেই থাকে।

ঘুমের ব্যাঘাত নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? কিছু গবেষণায় ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে ঘুমের সমস্যার যোগসূত্র পাওয়া গেছে। আমাদের ঘুমে সাহায্য করার জন্য শরীরে ‘মেলাটোনিন’ নামক হরমোন তৈরি হয়। তবে সরাসরি শুধু ওয়াই-ফাই সিগন্যালের কারণে যে ঘুমের সমস্যা হয়, এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনও নেই। বরং বিশেষজ্ঞরা মনে করেন, রাতে দীর্ঘক্ষণ মোবাইল স্ক্রিন দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, গেম খেলা বা বারবার নোটিফিকেশনের শব্দই ঘুমের আসল শত্রু। এগুলির কারণে মস্তিষ্ক শান্ত হতে পারে না।

বিশেষ সতর্কতা কাদের জন্য? বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলাদের রাতে মোবাইল বা ইন্টারনেট থেকে দূরে থাকাই ভালো। শিশুরা রাতে ফোন ব্যবহার করলে তা তাদের চোখ ও মস্তিষ্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, গর্ভবতী মহিলাদের এই সময়ে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হয়, রাতে ফোন দেখলে শরীর আরও বেশি চাপের মুখে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অধীনে থাকা একটি সংস্থা ২০১১ সালে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে এর অর্থ এই নয় যে, ওয়াই-ফাই ব্যবহার করলেই ক্যানসার হতে পারে; এই বিষয়ে আরও ব্যাপক গবেষণার প্রয়োজন রয়েছে।

সারারাত ইন্টারনেট বন্ধ রাখার লাভ: বিজ্ঞানীদের মতে, স্বাস্থ্যের কথা ভেবে ওয়াই-ফাই বন্ধ রাখা বাধ্যতামূলক না হলেও, ঘুমানোর সময় ফোনের ডেটা ও ওয়াই-ফাই বন্ধ রাখলে বেশ কিছু উপকার মিলতে পারে। যেমন—বিদ্যুৎ সাশ্রয় হবে, ফোনের চার্জ বাঁচবে এবং নোটিফিকেশনের উপদ্রব ছাড়াই গভীর ও শান্তির ঘুম নিশ্চিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *