বিরোধী দলনেতার স্বীকৃতি ঘিরে টানটান উত্তেজনা! স্পিকারের ভূমিকা নিয়ে হাইকোর্টে বিরাট প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি পাওয়া নিয়ে আইনি লড়াই এখন তুঙ্গে। কালীঘাটপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রস্তাবিত প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে ‘গণতান্ত্রিক তৃণমূল’-এর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব। সুপ্রিম কোর্ট মামলাটি হাইকোর্টে ফিরিয়ে দিয়ে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ার পর সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুরু হয় এই মামলার শুনানি। আর প্রথম দিনেই হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে।
এদিনের শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য দাবি করেন, গত ১৫ মে-র আগে বিধানসভার অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করায় কোনও সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। এছাড়া, ১৫ মে স্পিকার দায়িত্ব নেওয়ার পর ১৯ থেকে ২৪ মে তিনি সরকারি কাজে কলকাতার বাইরে ছিলেন বলেও আদালতে জানানো হয়। গত ৬ মে নেওয়া একটি রেজোলিউশন ১৯ মে স্পিকারের কাছে জমা পড়ার পর বিরোধী পক্ষও স্পিকারের কাছে আপত্তি জানিয়ে অভিযোগ দায়ের করে, যার ভিত্তিতে পরবর্তীতে এফআইআর প্রক্রিয়ার সূচনা হয়।
কিন্তু রাজ্যের আইনজীবীর এই যুক্তিতে মোটেও সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি কৃষ্ণা রাও। বিরোধী দলনেতা নির্বাচনের পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা এবং স্পিকারের ভূমিকা নিয়ে সরাসরি একাধিক প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির কড়া প্রশ্ন— গত ২৫ মে থেকে ১ জুন, এই দীর্ঘ সময় কেন স্পিকার চুপচাপ বসে রইলেন? ৫৪ জন বিধায়ক তাঁর কাছে উপস্থিত হওয়ার পর তিনি কী কারণে ৭৮ জনের বদলে মাত্র ৫৬ জন বিধায়কের সমর্থনে নেওয়া প্রস্তাব গ্রহণ করলেন? পাশাপাশি, গত ৯ মে চিঠি জমা পড়ার পরও কেন গত ২৭ মে নতুন করে রেজোলিউশন চেয়ে পাঠালেন স্পিকার— সেই প্রশ্নও তোলেন বিচারপতি।
বিচারপতি কৃষ্ণা রাও তাঁর পর্যবেক্ষণে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, “স্পিকার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক পদ। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে কেন অপরপক্ষের বক্তব্য শুনলেন না স্পিকার? অপর পক্ষের বক্তব্য শোনার আইনি প্রয়োজনীয়তা ছিল কিনা, সেটাই এই মামলার মূল প্রশ্ন।” এছাড়া ‘দল’ বলতে লেজিসলেচার পার্টি না মূল দলকে বোঝানো হয়, সেই তাত্ত্বিক প্রশ্নও এদিন আদালতে উঠেছে। সব মিলিয়ে, বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে স্পিকারের ভূমিকা যেভাবে আদালতের নজরে এসেছে, তাতে রাজ্য রাজনীতিতে জল্পনা আরও বহুগুণ বেড়ে গিয়েছে।