‘বিজেপি না জিতলে ভালো হত!’ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুর বদল রত্না দেবনাথের, বিস্ফোরক দাবি!

দলীয় কর্মী খুন হওয়ার পর বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান বদল করলেন পানিহাটির বিজেপি বিধায়ক তথা আরজি করে নির্যাতিতার মা রত্না দেবনাথ। প্রেস বিবৃতি জারি করে তিনি দাবি করলেন, তাঁর আগের মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম।

সম্প্রতি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলের একাংশের কর্মীদের সঙ্গে সংঘর্ষের জেরে মারধরে প্রাণ হারান অরূপ সাহা নামে এক বিজেপি নেতা। ঘটনার পর মৃতের বাড়িতে গিয়ে দলেরই একটি অংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রত্না দেবনাথ। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেছিলেন, “বিজেপি না জিতলেই ভালো হত! কারও প্রাণ যেত না।” তাঁর এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়।

তবে ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কড়া ভাষায় প্রেস বিবৃতি জারি করেন পানিহাটির বিধায়ক। বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর কথার একটি অংশকে মূল বক্তব্য থেকে বিচ্ছিন্ন করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে সমাজে ভুল বার্তা যাচ্ছে এবং অনভিপ্রেত বিতর্ক তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পাশাপাশি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে রত্না দেবনাথ জানান, তিনি সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির মতাদর্শ এবং সংগঠনের প্রতি আস্থাশীল। বিজেপিতে থেকেই নিজের রাজনৈতিক যাত্রা এগিয়ে নিয়ে যেতে চান তিনি। বিবৃতিতে তিনি আরও লেখেন, “আমি আমার রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি ১০০ শতাংশ আস্থাশীল। একই সঙ্গে সম্মানীয় শমীক ভট্টাচার্য-সহ দলের সমস্ত নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। দল এবং সংগঠনের সঙ্গে আমি ছিলাম, আছি এবং আগামী দিনেও দায়বদ্ধতার সঙ্গে থাকব।”

উল্লেখ্য, এর আগে পানিহাটির ঘটনায় দলের একাংশকে দায়ী করার পাশাপাশি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের প্রসঙ্গও টেনে এনেছিলেন রত্না। তবে সাম্প্রতিক এই প্রেস বিবৃতির মাধ্যমে তিনি সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দলীয় নেতৃত্বের প্রতি নিজের অবিচল আস্থার কথাই পুনরায় ব্যক্ত করলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *