বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক ঠাকুর! গভীর রাতে হেলমেট পরে কারা এসে রেখে গেলেন এই মূর্তি?

বিয়ের পিঁড়িতে বসার আগেই চর্চায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে কোনও রাজনৈতিক সভার কারণে নয়, বরং কার্তিক পুজোর সকালে তাঁর বাড়িতে ঘটে যাওয়া এক অদ্ভুত ও রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ঘুম থেকে উঠে বাড়ির দরজায় কার্তিক ঠাকুরের মূর্তি দেখতে পেয়ে রীতিমতো চমকে ওঠেন দেবাংশু।

কী ঘটেছিল সেদিন?

দেবাংশু জানিয়েছেন, সকালে ঘুম ভাঙার পর তিনি বাড়ির দরজায় একটি কার্তিক ঠাকুর দেখতে পান। এরপর কৌতূহলবশত বাড়ির সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা যায়, রাত সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরিহিত দুই অপরিচিত ব্যক্তি বাইকে চেপে এসে সন্তর্পণে বাড়ির সামনে মূর্তিটি রেখে যান। তবে ওই দুই ব্যক্তিকে এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। এখানেই শেষ নয়, কার্তিক ঠাকুরের সঙ্গেই একটি রহস্যজনক চিঠিও ফেলে রেখে গিয়েছেন তাঁরা। যে চিঠির শুরুতে সম্বোধন করা হয়েছে— ‘‘প্রিয় বাবা দেবাংশু ভট্টাচার্য!’’

পুরো ঘটনাটি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিজের স্বভাবসুলভ রসিকতা ও মজার ছলেই প্রতিক্রিয়া দিয়েছেন দেবাংশু। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘‘যারাই করেছেন, তাঁদের বলি, আমি এখনও অবিবাহিত! এত উত্তেজিত হবেন না প্লিজ!’’ তবে কাউকে ফিরিয়ে না দিয়ে সেই কার্তিক ঠাকুরকে সপরিবারে সাদরে গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পর আগামী বছরের ফেব্রুয়ারিতেই পেশায় বিমানসেবিকা উত্তরপাড়ার এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে এই তরুণ নেতার। বাংলার প্রাচীন লোকসংস্কৃতি ও লোকাচার অনুযায়ী, সদ্য বিবাহিত দম্পতি বা যাঁদের বিয়ে ঠিক হয়ে রয়েছে, তাঁদের বাড়িতে কার্তিকের মূর্তি রেখে যাওয়ার একটি প্রথা সমাজে প্রচলিত রয়েছে। মূলত সন্তান কামনার শুভকামনা থেকেই এই রীতিনীতি পালন করা হয়ে থাকে। তবে বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে এমন কাণ্ড ঘটায় সেই প্রাচীন প্রথার সঙ্গেই এই ঘটনা জড়িয়ে রয়েছে কি না, তা নিয়ে এখন চলছে নানা আলোচনা ও জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *