টার্ম ইন্স্যুরেন্স কি সত্যিই সারাজীবন রাখা দরকার? না জেনে ভুল করছেন না তো!

পরিবারের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে টার্ম ইন্স্যুরেন্সের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির অনুপস্থিতিতে নির্ভরশীলদের আর্থিক সংকট থেকে বাঁচাতে এই বিমা অত্যন্ত কার্যকর। অনেকেই মনে করেন, ৬০ বছরের বেশি বয়স পর্যন্ত কভারেজ থাকলে হয়তো পরিবার আরও বেশি সুরক্ষিত থাকবে। কিন্তু শুধু বেশি বয়স পর্যন্ত পলিসি চালিয়ে যাওয়া কি সবসময় বুদ্ধিমানের কাজ? পেশাদার আর্থিক বিশ্লেষণে উঠে আসছে অন্য ছবি।
টার্ম ইনস্যুরেন্সের মেয়াদ ঠিক করার আগে নিজের আর্থিক দায়িত্বের সময়সীমা বোঝা সবচেয়ে জরুরি। ৩০ বা ৪০ বছর বয়সে সন্তানের পড়াশোনা, বাড়ির ঋণ কিংবা অন্যান্য খরচের পাহাড়সমান দায়িত্ব থাকে। কিন্তু ৫০-এর শেষ বা ৬০-এর শুরুর দিকে সেই দায়িত্ব অনেকটাই কমে যায়। কারণ, ততদিনে সন্তান স্বনির্ভর হয়ে পড়ে এবং হোম লোন বা অন্যান্য ঋণও মিটে যায়। ফলে পরিবারের নির্ভরশীলতা কমে যাওয়ায় আগের মতো বড় অঙ্কের জীবনবিমার প্রয়োজনও ফুরিয়ে আসে।
৭০ বছর বয়স পর্যন্ত টার্ম ইনস্যুরেন্স চালু রাখলে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হয়। অথচ ৬০ বছর বয়সের পর পরিবারের সদস্যরা আর আপনার আয়ের উপর আগের মতো নির্ভরশীল থাকেন না। বিশেষ করে যাঁদের অবসর জীবনের জন্য পর্যাপ্ত সঞ্চয় ও বিনিয়োগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে বড় অঙ্কের টার্ম কভারের অতিরিক্ত সুবিধা অত্যন্ত সীমিত। ৬০ বা ৬৫ বছর বয়সের পর আর্থিক পরিকল্পনার অগ্রাধিকারও বদলে যায়। কর্মজীবনের লক্ষ্য থাকে ঋণ শোধ ও পরিবারকে সচ্ছল রাখা, আর অবসরের পর গুরুত্ব পায় সম্পদ রক্ষা এবং চিকিৎসার খরচ সামলানো।
তবে সবার জন্য নিয়ম এক নয়। যাঁদের বয়স ৬০ পেরোলেও কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, কিংবা যাঁদের ঋণের বোঝা এবং পরিবারের আর্থিক দায়িত্ব দীর্ঘমেয়াদি, তাঁদের জন্য বেশি বয়স পর্যন্ত বিমা কার্যকর হতে পারে। তাই অন্ধের মতো দীর্ঘমেয়াদি পলিসি না বেছে, পরিবারের আর্থিক দায়িত্ব কতদিন থাকবে এবং নির্ভরশীলরা কবে স্বনির্ভর হবেন, তা হিসাব করেই মেয়াদ নির্ধারণ করা উচিত।