ইউপি নির্বাচনে এসপি-র সঙ্গে জোট নিয়ে রাহুল গান্ধীর কড়া বার্তা! প্রিয়াঙ্কার হাতেই কি তবে সব চাবি?

আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। সোমবার দিল্লিতে দলীয় নেতৃত্বের এক উচ্চপর্যায় বৈঠকে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে আসন সমঝোতা এবং নির্বাচনী কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর স্পষ্ট নির্দেশ, এসপি-র সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা যেন অত্যন্ত ‘সম্মানজনক’ হয় এবং দলের স্বার্থকে সবকিছুর উপরে স্থান দিতে হবে।
দিল্লিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সংগঠন সাধারণ সম্পাদক কেসি গোপাল, প্রদেশ সভাপতি আরাধনা মিশ্র, সাংসদ ইমরান মাসুদ এবং ইনচার্জ রাজেন্দ্র পাল গৌতম উপস্থিত ছিলেন।
প্রিয়াঙ্কার হাতে আলোচনার পুরো কমান
সূত্র মারফত জানা গেছে, রাহুল গান্ধী দলীয় নেতাদের স্পষ্ট জানিয়েছেন, আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসের স্বার্থ সবার আগে দেখতে হবে। তিনি বলেছেন, পরিস্থিতি জটিল হলে তবেই শীর্ষ নেতৃত্ব এতে হস্তক্ষেপ করবে। সমাজবাদী পার্টির সঙ্গে মর্যাদাপূর্ণ আসন সমঝোতার জন্য সমস্তরকম চেষ্টা চালাতে স্থানীয় নেতাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
এই পুরো প্রক্রিয়ার পুরোভাগেই থাকছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এসপি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে আসন সমঝোতা ও অন্যান্য সমন্বয় সাধনের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল, রাজেন্দ্র পাল গৌতম, ইমরান মাসুদ এবং আরাধনা মিশ্র মোনা। এই কমিটিই সমগ্ৰ বিষয়ের ওপর নজর রাখবে এবং প্রিয়াঙ্কার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে।
ডিসেম্বর থেকে যৌথ প্রচারের পরিকল্পনা
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ডিসেম্বর মাস থেকেই নির্বাচনের মূল প্রচার শিবির শুরু করে দিতে হবে। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব যৌথভাবে নির্বাচনী প্রচার চালাতে পারেন। বিশেষ করে দুই দলের সমন্বয়ে যৌথ প্রচার কর্মসূচি রাখার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার এসপি-র সঙ্গে মেগা বৈঠক
সোমবারে রাহুল গান্ধীর বৈঠকের ঠিক পরেই কংগ্রেস সদর দফতরে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতারা এক অভ্যন্তরীণ বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন রাজেন্দ্র পাল গৌতম, আরাধনা মিশ্র মোনা, ইমরান মাসুদ, সোশ্যাল মিডিয়া হেড সুপ্রিয়া শ্রীনেট ও সিএলপি বীরেন্দ্র চৌধুরী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সমাজবাদী পার্টির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে কোন কোন আসনে দাবি জানানো হবে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারের রূপরেখা কেমন হবে, তা নিয়ে বিস্তারিত রণকৌশল তৈরি করা হয়।
সব মিলিয়ে, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোট অঙ্ক কষে এগোতে এখন থেকেই চরম তৎপরতা শুরু করে দিয়েছে কংগ্রেস শিবির। মঙ্গলবার এসপি ও কংগ্রেসের প্রথম দফার এই বৈঠকে কী সিদ্ধান্ত উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।