শেষ হল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র পথচলা, আবেগঘন পোস্টে কী লিখলেন স্বস্তিকা?

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-র পথচলা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। একটি বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েক দিন আগেই এই মেগা সিরিয়ালের সম্প্রচার বন্ধ হয়ে গেল। গত ১৫ নভেম্বর শেষবারের মতো ছোটপর্দায় দেখা গেল বিদ্যা ও রাজরীতের জুটি। এই জনপ্রিয় অধ্যায় শেষ হওয়ার পর থেকেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি খোদ পর্দার বিদ্যা, অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

ধারাবাহিকের শুটিং শেষের দিনে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন স্বস্তিকা। সেখানে দেখা যায়, অভিনেত্রীর ঠিক পিছনে টিভিতে চলছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-র সম্প্রচার আর তার সামনে দাঁড়িয়ে আবেগঘন হয়ে পড়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করে দর্শকদের উদ্দেশ্যে স্বস্তিকা লেখেন, আজকের শুটিংয়ের মতোই পর্দার এই অধ্যায়টাও শেষ হলো। হয়তো আর নতুন করে বিদ্যার হয়ে কথা বলা হবে না, আর নতুন কোনো দৃশ্যে তার আবেগগুলোকে ছুঁয়ে দেখা যাবে না। তবুও একটা কথা থেকে যাবে, চরিত্রের বিদায় হয় কিন্তু ভালোবাসার নয়।

তিনি আরও যোগ করেন, বিদায়, বিদ্যা! তোমাকে আর পর্দায় না দেখলেও মনের পর্দায় তোমার গল্পটা বেঁচে থাকবে। কিছু বিদায় আসলে শেষ নয়, তারা স্মৃতি হয়ে থেকে যাওয়ার এক অন্য নাম। এই বিশেষ পোস্টে ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-র যাত্রা। মুখ্য চরিত্রে স্বস্তিকা দত্তের পাশাপাশি অভিনয় করেছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল রূপসা চক্রবর্তী ও ভাস্বর চ্যাটার্জির মতো চেনা মুখগুলোকে।

এদিকে স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘আদরের নৌকা’। যদিও এই নতুন মেগা কোন সময়ে সম্প্রচারিত হবে, তা এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি। ‘বিদ্যা ব্যানার্জি’-র নির্দিষ্ট স্লটেই কি এই নতুন ধারাবাহিক আসবে নাকি সময়সূচিতে অন্য কোনো রদবদল ঘটবে, তা জানতে এখন অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *