বকেয়া DA মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের চোখ রাঙানি! গ্রান্ট ইন এইড কর্মীদের টাকা কবে মিলবে?

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিছুটা স্বস্তি মিললেও, এখনও গভীর অন্ধকারে রয়েছেন গ্রান্ট ইন এইড কর্মীরা। পঞ্চম পে কমিশনের রায় অনুযায়ী অনেকেই বকেয়া পেতে শুরু করলেও এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা আজও পাওনা থেকে সম্পূর্ণ বঞ্চিত। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের শুনানিতে এই বকেয়ার প্রসঙ্গেই জোরালো প্রশ্ন উঠেছে।
রাজ্য সরকারের বিভিন্ন গ্রান্টস ইন এইড প্রতিষ্ঠানে যুক্ত কর্মীরা, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনও বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি। শুধু তাই নয়, কলকাতার বহু প্রবীণ পেনশনভোগীর বকেয়া টাকাও আটকে রয়েছে। কেউ কেউ সামান্য অংশ হাতে পেলেও সিংহভাগ টাকাই এখনও বকেয়া রয়ে গেছে।
আদালতের নির্দিষ্ট নির্দেশ থাকার পরও কেন গত কয়েক মাসে সমস্ত বকেয়া মেটানো হলো না, তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সরাসরি জানতে চেয়েছে কেন এই কর্মীদের পাওনা মেটানো হলো না। এই জট পুরোপুরি কাটাতে প্রাক্তন বিচারপতি ইন্দু মলহোত্রর নেতৃত্বাধীন বিশেষ মনিটরিং কমিটি আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে।
এই উচ্চপর্যায়ের কমিটির বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই মামলার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আগামী ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেখানে গ্রান্ট ইন এইড কর্মীদের প্রসঙ্গটি আরও জোরালোভাবে সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে জানান যে রাজ্য সরকার যদি নিজেদের অবস্থান পরিষ্কার করে দেয়, তবে এই দীর্ঘদিনের জটিলতা খুব সহজেই কেটে যেতে পারে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দায়ের করা এই মামলার পরবর্তী মোড় কোন দিকে যায়, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার বঞ্চিত কর্মী।