বিক্রম-শোলাঙ্কি জুটির কামব্যাক! সঙ্গে চমক জনপ্রিয় ক্রিয়েটর উন্মেষ, আসছে নতুন ছবি ‘রাজকন্যা’

ছোট পর্দার প্রেমের গল্প থেকে বড় পর্দার রসায়ন, বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়ের জুটি বরাবরই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকে অনুরাগ ও মেঘলার রসায়ন আজও ভুলতে পারেননি দর্শকরা। এর পরে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এবার আরও একবার নতুন প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। ছবির নাম ‘রাজকন্যা’। তবে শুধু বিক্রম ও শোলাঙ্কির কামব্যাকই নয়, এই ছবি ঘিরে রয়েছে আরও একটি বড় আকর্ষণ। প্রথমবার বড় পর্দায় অভিনয় করতে চলেছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উন্মেষ গঙ্গোপাধ্যায়।

পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসছে ‘রাজকন্যা’। ছবিতে দিব্যর চরিত্রে অভিনয় করছেন বিক্রম এবং সোমদত্তার ভূমিকায় দেখা যাবে শোলাঙ্কিকে। প্রেম, বন্ধুত্ব এবং সময়ের সঙ্গে সম্পর্কের বদলে যাওয়া সমীকরণ ছবির মূল গল্পকে এগিয়ে নিয়ে যাবে। স্কুলজীবন থেকে কলেজ এবং জীবনের তিরিশের কোঠা, এই তিনটি আলাদা সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে পুরো কাহিনি।

ছবিতে দিব্য ও সোমদত্তার জীবনের বিভিন্ন বয়সের গল্প তুলে ধরা হবে। স্কুলজীবনের চরিত্রে অপেক্ষাকৃত কমবয়সি অভিনেতারা অভিনয় করবেন। অন্যদিকে কলেজজীবন এবং তিরিশের কোঠার চরিত্রে দেখা যাবে বিক্রম ও শোলাঙ্কিকে। ফলে একই চরিত্রের জীবনের বিভিন্ন পর্যায় ফুটিয়ে তুলতে হবে তাঁদের। বিশেষ করে বিক্রমের চরিত্রের ক্ষেত্রে লুকের পরিবর্তনও দেখা যাবে।

এই ছবির অন্যতম বড় আকর্ষণ কনটেন্ট ক্রিয়েটর উন্মেষ গঙ্গোপাধ্যায়ের অভিনয়ে অভিষেক। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ উন্মেষকে এবার বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। ‘রাজকন্যা’ ছবিতে দিব্যর দুই বন্ধুর অন্যতম সোয়েবের চরিত্রে অভিনয় করছেন তিনি। ডিজিটাল দুনিয়ায় বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির পর এবার অভিনয়ের নতুন পরিসরে পা রাখছেন তিনি। প্রথম ছবিতেই বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়ের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন উন্মেষ। তাঁর এই নতুন যাত্রা কতটা সফল হয়, তা নিয়ে কৌতূহলী অনুরাগীরা।

দিব্যর জীবনের অন্য বন্ধুর চরিত্রে রয়েছেন দুর্বার শর্মা। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে। ছবির প্রেক্ষাপট থেকেই স্পষ্ট যে বন্ধুত্বের সমীকরণ গল্পে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অভিনয়ের পাশাপাশি এই ছবির মাধ্যমে প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন বিক্রম। অভিনেতার মতে, প্রযোজনার কাজের সঙ্গে যুক্ত হওয়ার পর একটি ছবির নেপথ্যে কত মানুষের কঠোর পরিশ্রম থাকে, তা আরও কাছ থেকে বোঝা সম্ভব হয়েছে। অন্যদিকে পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। এর আগে তিনি সফলভাবে ওয়েব সিরিজ়ে কাজ করেছেন।

ছবির প্রথম পর্যায়ের শুটিং ইতিমধ্যেই কলকাতায় শেষ হয়েছে। কলেজজীবনের বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে জোকার একটি কলেজে। বাকি অংশের শুটিং কলকাতা ও সংলগ্ন এলাকায় হওয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হওয়ার কথা আগামী ডিসেম্বর মাসে।

সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের গ্রীষ্মে বড় পর্দায় মুক্তি পেতে পারে ‘রাজকন্যা’। একদিকে ‘ইচ্ছেনদী’র জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন এবং অন্যদিকে উন্মেষের বড় পর্দায় প্রথম অভিনয়, এই দুই মিলিয়ে ছবিটি ঘিরে দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে এখন থেকেই। নতুন এই প্রেমের গল্প শেষ পর্যন্ত দর্শকের মন কতটা জয় করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *