বিদেশি নেতার মুখে ‘ভোট চোর’ স্লোগান, দেখে রাহুলের হাসি! রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফুঁসছে বিজেপি

হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সম্মেলন’ (Bharat Summit)-কে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে এক চরম বিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়েছে। ওই সম্মেলনে আমন্ত্রিত এক ইতালীয় রাজনীতিবিদের মুখে ভারতের বিরোধী শিবিরের স্লোগান এবং দেশীয় রাজনীতি নিয়ে মন্তব্যের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাসিমুখ ও হাততালির দৃশ্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। এমনকি রাহুলের বিরুদ্ধে সরাসরি ‘রাষ্ট্রদ্রোহিতা’-র অভিযোগ পর্যন্ত তুলেছে গেরুয়া শিবির।

বিতর্কের সূত্রপাত যেভাবে: সম্প্রতি তেলঙ্গানার কংগ্রেস সরকারের উদ্যোগে হায়দরাবাদে আয়োজিত হয়েছিল ‘ভারত সম্মেলন’। দেশ-বিদেশের বহু প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই আসরে। গণতন্ত্রের বর্তমান অবস্থা, ক্ষমতার কেন্দ্রীয়করণ ও ভোটার তালিকার নানা অনিয়ম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে। সেই মঞ্চেই বক্তব্য রাখতে ওঠেন ইতালির রাজনীতিক তথা পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টসের সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবাক।

বক্তৃতা দেওয়ার সময় তিনি ভারতের বিরোধী I.N.D.I.A শিবিরের আন্দোলন ও প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এমনকি তাঁর মুখেই শোনা যায় বিরোধী শিবিরের বিতর্কিত স্লোগান—‘ভোট চোর, গদ্দি ছোড়’। সেই সময় দর্শকাসনে উপস্থিত রাহুল গান্ধীকে হাততালি দিতে ও হাসিমুখে তা উপভোগ করতে দেখা যায়। আর এই দৃশ্যটি সামনে আসতেই শুরু হয় তীব্র রাজনৈতিক কোন্দল।

বিজেপির কড়া আক্রমণ: ভাইরাল হওয়া এই দৃশ্যকে কেন্দ্র করে রাহুল গান্ধীকে নিশানা করতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, বিদেশিরা ভারতকে আক্রমণ করলে কেউ কি কখনও হাসতে পারে? বিদেশে গিয়ে ভারতকে অপমান করার সংস্কৃতির কথাই তুলে ধরেন তিনি।

মহারাষ্ট্রের একটি জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের যুবরাজের উপস্থিতিতে আয়োজিত ওই আন্তর্জাতিক সম্মেলনে ভারতকে বিশ্ববাসীর সামনে হেয় করার সুপরিকল্পিত চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি সঞ্জয় কুমার আবার ওই অনুষ্ঠানকে ‘ভারত বিরোধী সম্মেলন’ আখ্যা দিয়ে বলেন, বিদেশি রাজনীতিকদের দেশীয় রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিচ্ছেন কংগ্রেস নেতারা। অন্যদিকে, তেলঙ্গানা বিজেপি সভাপতি এন রামচন্দ্র রাও আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, বিদেশি নেতারা ভারতের গণতন্ত্রকে বিদ্রূপ করছেন আর আমাদের দেশের নেতারা হাততালি দিচ্ছেন—এটি স্পষ্টতই রাষ্ট্রদ্রোহিতার শামিল।

কংগ্রেসের পালটা জবাব: বিজেপির এই আক্রমণকে পাত্তয়া দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। দলের সাংসদ প্রমোদ তিওয়ারি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা দুর্নীতির সিংহাসনে বসে রয়েছে, সেই মোদি সরকার বা বিজেপির এ বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকারই নেই। বিদেশ থেকে কেউ কোনো মন্তব্য করলে তার জন্য আত্মসমীক্ষা প্রয়োজন বলে দাবি করেন তিনি। পাশাপাশি, কংগ্রেসের মুখপাত্র গিরিজা এস ২০১৯ সালের মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগানের প্রসঙ্গ টেনে এনে বিজেপির দ্বিমুখী নীতি ও সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *