মাঙ্গলিক’ দোষের জেরে জীবনে নামবে বিপদ? আগামী ২০ নভেম্বর থেকেই হইচইয়ে আসছে এই নতুন থ্রিলার

ছোটপর্দার গণ্ডী পেরিয়ে এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন জনপ্রিয় মুখ অস্মিতা চক্রবর্তী। অতীতে একাধিক সফল ধারাবাহিকে তাঁর সাবলীল অভিনয় দর্শকের নজর কেড়েছে। তবে এবার একেবারে ভিন্ন মাধ্যমে এবং নতুন অবতারে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আসন্ন কাজের কিছু ছবি শেয়ার করে নিজেই এই খুশির খবর শুনিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে যে ছবিগুলি অস্মিতা পোস্ট করেছেন, সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক গর্ভবতী নারীর চরিত্রে। তাঁর পরনে রয়েছে হলুদ শাড়ি, লাল ব্লাউজ এবং গা ভর্তি সোনার গয়না। চরিত্রের এই অভিনব লুক এবং স্টুডিওতে ডাবিংয়ের ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন যে, তিনি এবার ওয়েব দুনিয়ায় প্রথম পদক্ষেপ ফেলছেন। আসছে তাঁর অভিনীত প্রথম ওটিটি সিরিজ।
কোন সিরিজে দেখা যাবে অস্মিতাকে? জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর আসন্ন সিরিজ ‘মঙ্গলিক’-এ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অস্মিতা চক্রবর্তীকে। এই সুখবর শেয়ার করে অভিনেত্রী ধন্যবাদ জানিয়েছেন পরিচালক কৃষানু গাঙ্গুলি ও সৌভিককে। আগামী ২০ নভেম্বর থেকে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই নতুন সিরিজ। এর আগে অস্মিতাকে ‘তুই আমার হিরো’ কিংবা ‘খেলনা বাড়ি’-র মতো জনপ্রিয় সব ধারাবাহিকে দেখে অভ্যস্ত দর্শক।
কী রয়েছে ‘মঙ্গলিক’-এর গল্পে? পরিচালক কৃষানু গাঙ্গুলির পরিচালনায় তৈরি এই সিরিজে প্রথমবার জুটি বাঁধছেন অভিনেতা গৌরব চ্যাটার্জি এবং অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সিরিজের গল্প অনুযায়ী, গৌরবের চরিত্রের আগের দুই স্ত্রী মারা যাওয়ার পর তাঁর জীবনে প্রবেশ করে ইরা, যে চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। সিদ্ধার্থ যে মাঙ্গলিক, তা জেনেশুনেই তাঁকে বিয়ে করেন ইরা। এরপরই ইরার জীবনে নেমে আসে নানা বিপদ। মাঙ্গলিক হওয়ার অর্থ কি সত্যিই একটি অভিশপ্ত জীবন, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো গভীর রহস্য, তার উত্তরই খুঁজবে এই নতুন থ্রিলার সিরিজ।
সিরিজটির টিজার ইতিমধ্যেই দর্শকদের মনে দারুণ কৌতূহল তৈরি করেছে। মুখ্য দুই চরিত্রের পাশাপাশি এই সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে লাভনী সরকার, অনুরাধা মুখার্জি, অ্যানমেরি টম, শিঞ্জনী চক্রবর্তী সহ আরও অনেক পরিচিত মুখকে। ছোটপর্দার জনপ্রিয় তারকাদের নিয়ে তৈরি এই রহস্যে ঘেরা ড্রামা ওটিটি প্ল্যাটফর্মে কতটা দাগ কাটতে পারে, এখন সেটাই দেখার।