প্রেমের ফাঁদ ও টাকার লোভ! পাক হ্যান্ডলারদের নির্দেশে রেললাইনে বিস্ফোরণ ঘটাল তরুণী, পাঞ্জাব থেকে গ্রেফতার ২

রাজস্থানের শ্রী গঙ্গানগরে রেললাইন বিস্ফোরণ কাণ্ডে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। পাঞ্জাব থেকে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একুশ বছর বয়সি এক তরুণীও রয়েছেন। প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হ্যান্ডলাররা প্রেমের ফাঁদে ফেলে এবং মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে ওই তরুণীকে দিয়ে এই ভয়াবহ নাশকতামূলক কাণ্ড ঘটিয়েছে।
রাজস্থান অ্যান্টি-টেরর স্কোয়াড (ATS), শ্রী গঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের একটি যৌথ অভিযানে ২১ বছর বয়সি মহাকদীপ কৌর এবং ২২ বছর বয়সি দেবেন্দ্র সিং নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত মহাকদীপ কৌর পাকিস্তানভিত্তিক দুই হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ওই দুই হ্যান্ডলার ‘চাচা’ এবং ‘শাহ’ নামে পরিচিত ছিল। প্রেমালাপের জালে জড়িয়ে এবং টাকার লোভ দেখিয়ে তাঁকে সম্পূর্ণ ফাঁদে ফেলা হয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ক্ষেত্রে এই ধরনের কৌশল অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গঙ্গানগরের বাসিন্দা ববিতা নামের এক মহিলাকে ফাঁদে ফেলতেও ঠিক একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।
তদন্তে আরও জানা গিয়েছে, মহাকদীপ তাঁর স্বামীর থেকে আলাদা থাকতেন এবং তাঁর স্বামী মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য ওই তরুণী বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ এবং নগদ ৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, অভিযুক্তদের লুকিয়ে থাকার জায়গা দেওয়া, একটি মোটরসাইকেল এবং ঘটনাস্থলে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়ে সাহায্য করার অভিযোগে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রাজস্থানের শ্রী গঙ্গানগরের রামসিংহপুরের কাছে ওই রেললাইনে বিস্ফোরণটি ঘটেছিল। যার জেরে দুটি রেল স্লিপার ভেঙে যায়, রেললাইন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে প্রায় আড়াই ফুট গভীর একটি বড় গর্তের সৃষ্টি হয়। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, ওই ভয়াবহ বিস্ফোরণের মাত্র ৭৫ মিনিট আগে অনুপগড়-সুরতগড় প্যাসেঞ্জার ট্রেনটি একই রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করেছিল। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও এই নাশকতার ঘটনার নেপথ্যের পূর্ণাঙ্গ সত্য উদ্ঘাটনে এখন জোরদার তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।