বুকস্টল ভাঙার প্রতিবাদের মাঝেই ঘুরে দাঁড়ানোর লড়াই! রাজ্যে শুরু হলো অভিনব রাজনৈতিক কর্মসূচি

মন পেতে বই হাতে। পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি বই নিয়ে পৌঁছে যাচ্ছেন বামপন্থী কর্মীরা। দুর্গাপুজোর সময় বামেদের বুকস্টল ভাঙাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, তার পর ফের একবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘বই’। তবে এবার শুধু প্রতিবাদ বা সভা-সমাবেশেই আটকে না থেকে, বইকে হাতিয়ার করে অভিনব কায়দায় জনসংযোগে জোর দিচ্ছে সিপিআইএম। রাজনৈতিক মহলের একাংশের মতে, পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, মূলত হারানো রাজনৈতিক জমি ফিরে পেতেই বইকে সামনে রেখে কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বামেরা।
উত্তর থেকে দক্ষিণ, চলছে ‘দুয়ারে বই’ কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই কর্মসূচি। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজারে বামেদের এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন প্রবীণ নেতা সুজন চক্রবর্তী। তাঁর মতে, মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে বই, লেখাপড়া ও চেতনা ধ্বংস করার এক সুদূরপ্রসারী শক্তি বাংলায় মাথাচাড়া দিচ্ছে, যার বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো প্রয়োজন।
অন্যদিকে, শিলিগুড়িতেও জোরকদমে চলছে বামেদের ‘দুয়ারে বই’ কর্মসূচি। সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার জানান, গোটা রাজ্যেই পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ পুস্তক বিপণী তৈরি করা হয়েছে। তাঁর কথায়, এই বিপণীতে শুধুমাত্র মার্কসবাদী পুস্তক-পুস্তিকা নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, বাবাসাহেব আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মতো মনীষীদের বইয়ের পাশাপাশি ছোটদের বই, উপন্যাস ও গল্পও রাখা হচ্ছে।
আসন্ন পুরভোট ও রাজনৈতিক চাপানউতোর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পিছনে মূলত আসন্ন পুরভোটের প্রস্তুতি লুকিয়ে রয়েছে। সামনেই কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াংয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পুরসভা নির্বাচন হওয়ার কথা। যদিও ভোটের দিন এখনও চূড়ান্ত হয়নি, তার আগেই বইকে সামনে রেখে বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার এই কৌশলকে বামেদের জনসংযোগের মোক্ষম হাতিয়ার হিসেবে দেখছেন অনেকে।
তবে বামেদের এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক ও বিরোধী উভয় শিবিরই। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, “আলাউদ্দিন খিলজির পর বই পোড়ানোর সংস্কৃতি যদি কেউ এনে থাকে, সেটা বামপন্থীরা, অতি বামপন্থীরা। তাঁরাই প্রথম বই পুড়িয়েছে। এখন তাঁরাই আবার বইয়ের মর্ম বোঝাচ্ছে।”
অন্যদিকে, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ প্রশ্ন তুলেছেন যে, ৩৪ বছরের বাম শাসনে নভেম্বর বিপ্লব সম্পর্কে কত মানুষের কাছে তাঁরা পৌঁছতে পেরেছিলেন, তা পর্যালোচনা করলেই তাদের আদর্শের গ্রহণযোগ্যতা স্পষ্ট হয়ে যায়। পিছিয়ে নেই তৃণমূলও। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কটাক্ষের সুরে বলেন, “ঘরে ঘরে বই নিয়ে পৌঁছবেন, কিন্তু ঘর ঘর থেকে ভোট পাবেন না। উল্টে বুকস্টলে হামলা করিয়ে বিজেপিকেই প্রচারের সুযোগ করে দিয়েছে তাঁরা, যার জেরে বাম ভোট বিজেপিতেই ট্রান্সফার হয়েছে। আগে সেই ভোট ফিরিয়ে দেখান।”
সবমিলিয়ে, তীব্র রাজনৈতিক সমালোচনার মধ্যেও বইকে সামনে রেখে বাড়ি বাড়ি পৌঁছানোর এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতা ও জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে সিপিআইএম। এই অভিনব কর্মসূচি শেষ পর্যন্ত কতটা রাজনৈতিক ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার।