মাঝ আকাশে ভয়াবহ যান্ত্রিক ত্রুটি! ১৯২ জন যাত্রী নিয়ে পুনে বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের

মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি! বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল পুনে থেকে গুয়াহাটিগামী একটি ইন্ডিগো বিমান। ল্যান্ডিং গিয়ার গোটানো না যাওয়ায় রবিবার মাঝপথ থেকেই পুনে বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় বিমানটি। তবে তৎপরতা এবং পাইলটের দক্ষতার জেরে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করে। স্বস্তির খবর, বিমানটিতে থাকা ১৯২ জন যাত্রী ও ক্রু সদস্য সকলেই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন এবং কারোর আহত হওয়ার কোনো খবর নেই।
পুনে বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই ৬২৩ (VT-IZE) ফ্লাইটটি এদিন ওড়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। বিমানটির পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (ATC) জানান যে, বিমানের ল্যান্ডিং গিয়ার গোটানো সম্ভব হচ্ছে না। এই খবর পাওয়ার পরেই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা (IAF)। পরিস্থিতি মোকাবিলায় রানওয়ের চারপাশে দমকলের ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি উদ্ধারকারী দলগুলিকে চূড়ান্ত সতর্কতায় রাখা হয়।
ল্যান্ডিং গিয়ারের বর্তমান পরিস্থিতি চাক্ষুষভাবে মূল্যায়ন করার জন্য নামার আগে রানওয়ের ওপর দিয়ে নিচু দিয়ে উড়ে যায় বিমানটি। এরপর সমস্ত দিক খতিয়ে দেখে সকাল ৯টা ৪ মিনিটে পুনে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। অবতরণের পর তিনটি অগ্নিনির্বাপক যান এবং দুটি অ্যাম্বুল্যান্সের পাহারায় বিমানটিকে বে নম্বর ৭-এ নিয়ে যাওয়া হয়। এরপর সকাল ৯টা ১০ মিনিটে বিমানটি সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে নিশ্চিত হওয়ার পর জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়। পরবর্তী সময়ে অ্যারোব্রিজ সংযুক্ত করে যাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
এই ঘটনার পর ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ নভেম্বর ২০২৬-এ পুনে থেকে গুয়াহাটিগামী ৬ই ৬২৩ বিমানটি টেক-অফের পর প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হওয়ায় পুনে আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরে আসে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউচার (SOP) বা নির্ধারিত নিয়ম মেনে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়। বর্তমানে বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এছাড়া, যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য বেঙ্গালুরু থেকে পুনে পর্যন্ত একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে তাঁদের গুয়াহাটিতে পাঠানোর বন্দোবস্ত করেছে বিমানসংস্থা। বিমানবন্দর অধিকর্তা জানিয়েছেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইএএফ, এটিসি এবং ইন্ডিগোর যৌথ সহযোগিতায় পুরো পরিস্থিতি অত্যন্ত সফলভাবে সামলানো হয়েছে।