পুলিশকে ‘হুমকি’র জেরে বড় বিপাকে অভিষেক!, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু

আবারও আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে তাঁর কালীঘাটের বাসভবনে গিয়ে নোটিস ধরাল পুলিশ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানার পক্ষ থেকে তাঁকে তলব করা হয়েছে। আগামী ২০ নভেম্বর বেলা ১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কী কারণে এই পদক্ষেপ?

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও অন্যান্য পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে করা অভিষেকের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। গত ৩১ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে অভিযোগ করা হয়, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক যে মন্তব্য করেছিলেন, তা সরাসরি পুলিশকে হুমকি দেওয়ার শামিল। এরপর পুলিশের কাজে বাধা দেওয়া এবং হুমকির অভিযোগে গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়।

বুলডোজার অ্যাকশন ও উত্তপ্ত পরিস্থিতি

গত বৃহস্পতিবার সকালে হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রশাসনের বুলডোজার অ্যাকশন দেখতে পাওয়া যায়। ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনের ফুটপাথে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো ও শেড ভেঙে দেয় পুরসভা। গ্যাসকাটার দিয়ে কেটে সরিয়ে ফেলা হয় ফুটপাথের কালো লোহার গেট। এমনকি ভেঙে ফেলা হয় বাড়ির সামনের শহিদ বেডিও। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়ায়।

নিরাপত্তা নিয়ে আশঙ্কা ও অভিষেকের প্রতিক্রিয়া

নিজের বাড়িতে এই পুলিশি অভিযানের পরই এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তিনি শঙ্কা প্রকাশ করে লেখেন, “আবারও আমার উপর হামলার ছক কষা হচ্ছে।” ভাইফোঁটার দুপুরে একটি সিসিটিভি ভিডিও পোস্ট করে তিনি দেখান, কীভাবে সাদা হেলমেট পরা দুই ব্যক্তি এবং কলকাতা পুলিশ লেখা বাইক তাঁর বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। এক ব্যক্তি বাইক থেকে নেমে ফোনে কথা বলতে বলতে অভিষেকের বাড়ির দিকে নজর রাখছেন। এই ভিডিও শেয়ার করে অভিষেকের সরাসরি প্রশ্ন, “আমাকে ভয় দেখিয়ে, হামলা চালিয়ে, আমার কণ্ঠরোধ করতেই কি এত মরিয়া প্রশাসন?”

সবমিলিয়ে, পুলিশি সমন ও জামিন অযোগ্য মামলার জেরে আগামী দিনে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *