“কী সুবিধাজনক…” —গান্ধী পরিবারের মৃত্যু নিয়ে কী এমন লিখেছিলেন কঙ্গনা, যার জেরে FIR করল পুলিশ?

সোশ্যাল মিডিয়ায় গান্ধী পরিবারকে নিশানা করে মন্তব্য করার জেরে এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। উস্কানিমূলক পোস্টের মাধ্যমে শান্তি বিঘ্নিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে হিমাচল প্রদেশ পুলিশ। শিমলায় এই মামলা রুজু করা হয়েছে।

কী অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে?

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার (১৩ নভেম্বর) শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে কঙ্গনার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই পুত্র সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে অত্যন্ত ‘উস্কানিমূলক ইঙ্গিত’ দেওয়া হয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে।

সনিয়া গান্ধীকে নিয়েও বিতর্কিত মন্তব্য

অভিযোগকারী অতুল শর্মা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে নিয়ে করা কঙ্গনার মন্তব্যেও তীব্র আপত্তি জানিয়েছেন। তাঁর অভিযোগ, ওই পোস্টে সনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করা হয়েছে। পোস্টে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, বিদেশের একটি ক্যাফেতে সনিয়া গান্ধীর উপস্থিতির পর থেকেই একের পর এক গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যু হয় এবং শেষ পর্যন্ত তিনি সরকারের শীর্ষ পদে পৌঁছন। এই প্রসঙ্গে কঙ্গনা ব্যঙ্গ করে ‘How convenient’ (কী সুবিধাজনক) বলেও মন্তব্য করেন। পাশাপাশি সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকা গান্ধীর পারিবারিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয়টিও টেনে আনেন তিনি।

অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের মন্তব্য নিছক রাজনৈতিক সমালোচনার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বরং এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে, যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার মনোভাব উসকে দিতে পারে।

সাইবার ফরেনসিক তদন্তের দাবি

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে ইমেলের মাধ্যমে রাজ্য পুলিশের ডিজিপি-কে (DGP) অভিযোগপত্র পাঠিয়েছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মা। সেখানে অবিলম্বে এফআইআর দায়েরের পাশাপাশি কঙ্গনার পোস্টের সময়সীমা বেঁধে সাইবার ফরেনসিক তদন্তের দাবিও জানানো হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার নেপথ্যে পুরনো ভিডিও ও সনিয়ার বই

সম্প্রতি ১৯৮১ সালের কাছাকাছি সময়ের একটি পুরনো পারিবারিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়। সেখানে ইন্দিরা গান্ধী, সনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং ছোট্ট রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা গিয়েছিল। সেই ভিডিও ঘিরে চর্চার মাঝেই কঙ্গনার এই বিতর্কিত পোস্ট সামনে আসে। উল্লেখযোগ্য বিষয় হল, যেদিন সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশিত হয়, ঠিক সেদিনই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিলেন কঙ্গনা। আর তাতেই এবার আইনি বিপাকে পড়লেন মান্ডির সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *