ডিসেম্বরেই কি দেশে ফিরবেন শেখ হাসিনা? ভারতের দুই শর্তে তুঙ্গে কূটনৈতিক জল্পনা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ভারত থেকেই নিজ দেশে ফিরতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এবং ডিসেম্বরের মধ্যে ফেরার বিষয়েও নিজের অনড় মনোভাবের কথা জানিয়েছেন। তবে তাঁকে দেশের মাটিতে ফিরিয়ে দেওয়ার আগে বাংলাদেশের বর্তমান প্রশাসনের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও নিশ্চয়তা চাইছে নয়াদিল্লি। সংবাদমাধ্যম ‘বিবিসি বাংলা’-র একটি বিশেষ প্রতিবেদনের সূত্র উল্লেখ করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ‘ইন্ডিয়া টুডে’।
প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি সাফ জানিয়ে দিতে চায় যে, শেখ হাসিনাকে যেন কোণঠাসা বা সাধারণ বন্দি হিসেবে হস্তান্তর না করা হয়। বরং তাঁর পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করে এবং বাংলাদেশের সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে ভারতের মাটি থেকে বাংলাদেশের সামরিক বিমান পাঠিয়ে তাঁকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিকল্প পথও খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের মূল দুই শর্ত কী কী?
১. নিরাপত্তা ও সেনা তত্ত্বাবধান: শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যাতে তাঁর নিরাপত্তায় সামান্যতম ঝুঁকিও তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখছে ভারত। নয়াদিল্লি চাইছে, গোটা প্রক্রিয়ায় বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সরাসরি ভূমিকা পালন করুক।
২. নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়া: শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই বাংলাদেশের আদালতে কঠোর রায় ঘোষণা হয়েছে। এমতাবস্থায় ভারত চাইছে, দেশে ফিরে তিনি যেন ২০২৪ সালের আন্দোলন ঘিরে ওঠা অভিযোগগুলোর ক্ষেত্রে নতুন করে নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ পান। পাশাপাশি, তিনি যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আইনি লড়াই ও আপিল করার সুযোগ পান, তার সুনির্দিষ্ট নিশ্চয়তাও দাবি করছে দিল্লি। পুরো বিচারপ্রক্রিয়াটি আন্তর্জাতিক মহল ও সংবাদমাধ্যমের কড়া নজরদারিতে সম্পন্ন হওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।
কেন সেনার ভূমিকা চাইছে নয়াদিল্লি?
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়টিকে গুরুংস সহকারে দেখছে মোদী সরকার। বিমানপথে কিংবা দুই দেশের সম্মত কোনো সীমান্তবর্তী এলাকায় তাঁকে সুরক্ষিতভাবে হস্তান্তরের বিষয়টি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খুলতে চায়নি। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন যে, এই বিষয়ে এই মুহূর্তে তাঁর কাছে নতুন করে বলার কিছু নেই।
ডিসেম্বরেই কি ফেরা সম্ভব হাসিনার?
শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার প্রবল ইচ্ছা প্রকাশ করলেও তাঁর এই পথ যে মোটেই মসৃণ নয়, তা স্পষ্ট। একদিকে যেমন তাঁর বিরুদ্ধে আদালতে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে, তেমনই ঢাকার সরকার বারবার তাঁর প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও ঢাকা সেই আবেদন প্রত্যাখ্যান করেছে বলে ‘রয়টার্স’-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে উদ্ধৃত ভারতীয় সূত্রগুলির মতে, বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে হাসিনার প্রত্যাবর্তন বাস্তবে রূপায়ণ করা অত্যন্ত কঠিন। তাছাড়া বাংলাদেশের বর্তমান সরকারও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। ফলে, শেখ হাসিনার দেশে ফেরা এবং তা ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পারদ আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।