প্রতি লিটারে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারত ডিজেলের দাম! কীভাবে সাধারণ মানুষকে বাঁচাল সরকার? জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সাধারণ মানুষ ও কৃষকদের ওপর জ্বালানির বাড়তি বোঝা চাপানো হয়নি বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের সম্মেলনে অংশ নিয়ে অঙ্ক কষে ডিজেল ও সারের ভর্তুকির বিস্তারিত হিসেব তুলে ধরেন তিনি।
ডিজেলের দাম ও সরকারের লোকসানের খতিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে দেশে প্রতি লিটারে ডিজেলের দাম প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রয়োজন ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই সম্পূর্ণ বোঝা সাধারণ নাগরিক ও কৃষকদের ওপর চাপিয়ে দেয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার ডিজেলের দাম প্রতি লিটারে মাত্র ৭ টাকা বাড়িয়েছে এবং বাকি ৪৩ টাকার বোঝা নিজেরাই বহন করছে। এর ফলে কেন্দ্রীয় সরকারকে প্রতি মাসে প্রায় ১৪,০০০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল।” তিনি আরও জানান, ভারতে যেখানে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে, সেখানে প্রতিবেশী দেশগুলোতে ডিজেলের দাম ইতিমধ্যেই ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।
সারের জোগান ও ভর্তুকি নিয়ে বক্তব্য জ্বালানির পাশাপাশি কৃষকদের সারের জোগান প্রসঙ্গেও সরকারের ভূমিকার কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “গত ১২ বছরে কৃষকদের সস্তায় সার সরবরাহ করতে সরকার ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে।” প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী, পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে প্রায় ৫,০০০ টাকায় বিক্রি হওয়া ৫০ কেজির ডিএপি (DAP) সারের বস্তা ভারতীয় কৃষকদের মাত্র ১,৩০০ টাকায় সরবরাহ করা হয়েছে।
কৃষি বৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ প্রসঙ্গ দেশের কৃষি ও অর্থনৈতিক অগ্রগতির খতিয়ান দিতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার পর প্রথমবার গত এক দশকে ভারতে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের বেশি হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গত ১২-১৩ বছরে ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন। তাঁর মতে, কৃষিকে সামাজিক জীবনের ভিত্তি হিসেবে না ধরে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।