বাড়ির গেটে বুলডোজার, সেন্ট্রি কিয়স্ক ভাঙচুর! নিজের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাড়ির গেটে বুলডোজার ও সেন্ট্রি কিয়স্ক ভাঙার ঘটনাকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা এবং আইনি নথির সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে ফুল বেঞ্চের কাছে ই-মেল পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনে ই-মেল ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ
আইনজীবী মারফত জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে পাঠানো ই-মেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কালীঘাট রোডের অফিসে বারবার নজরদারি এবং হামলার অভিযোগ তোলা হয়েছে। তাঁর আশঙ্কা, প্রতীক-যুদ্ধের মামলার গুরুত্বপূর্ণ হলফনামা ও নথি ছিনিয়ে নেওয়া কিংবা তা নষ্ট বা বিকৃত করা হতে পারে। আগামী ২০ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নথি জমা দেওয়ার শেষ দিন। এর আগে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল ইতিমধ্যে নথি জমা দিয়ে দিয়েছে।
আদালতের নজর ও বিচারপতির বিস্ফোরক প্রশ্ন
এদিকে, হাইকোর্টে অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেও রায়দান এখনও স্থগিত রয়েছে। এদিনের সওয়াল-জবাব চলাকালীন বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের আইনজীবীর কাছে একটি তালিকা চেয়ে প্রশ্ন তোলেন, “কোন কোন বিচারক তৃণমূলের, কোন কোন বিচারক বিজেপির, তালিকা দিন।”
মামলার শুনানির আগেই বাড়ির বাইরে পুলিশের কিয়স্ক সরিয়ে নেওয়ার প্রসঙ্গ তুলে অভিষেকের আইনজীবী দাবি জানান যে, যেভাবে আক্রমণ চলছে তাতে ‘নিরাপত্তা-রিভিউ না হওয়া পর্যন্ত’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ‘জেড প্লাস’ নিরাপত্তা দেওয়া হোক। পাল্টা উত্তরে রাজ্য সরকারের আইনজীবী জানান, গত ১২ মে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। অন্যদিকে, অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা নিয়ে জয়েন্ট কমিশনার সিকিউরিটি কেন রিভিউ করলেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।