অসম থেকে ফেরার পথে গর্ভপাত? বক্সার বাঘিনি BTR TF-1 বিতর্ক নিয়ে মুখ খুলল বন দফতর

বক্সার বাঘিনি BTR TF-1-এর গর্ভপাত নিয়ে সাম্প্রতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ অস্বীকার করল রাজ্য সরকার। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সায় নিয়ে আসার সময় এবং অসম থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ওই বাঘিনির গর্ভপাত হয়েছে এবং তার গর্ভে থাকা তিনটি ভ্রূণ নষ্ট হয়ে গেছে। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। তবে রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাঘিনির গর্ভপাতের এহেন কোনো খবর বা তথ্য সরকারের কাছে নেই।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও বলেন, “বাঘিনির গর্ভপাতের কোনো খবর আমাদের কাছে নেই। কোনো সংবাদপত্রে কী প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতে কোনো মন্তব্য করব না।”
কেন্দ্রীয় তদন্ত ও বনমন্ত্রীর সাফাই
বনমন্ত্রীর দাবি, গোটা ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দিল্লি থেকে একটি কেন্দ্রীয় তদন্তকারী দল বক্সায় এসে পৌঁছছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় নিয়ে আসার আগে বাঘিনির সমস্ত প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA)-এর নির্দেশিকা ও তত্ত্বাবধান মেনেই এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি, তদন্তকারী দলকে সবরকম সহযোগিতা করার জন্য বনকর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বক্সার বাঘিনিকে নিয়ে ক্রমেই বাড়ছিল জল্পনা
গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি জঙ্গল থেকে প্রায় তিন বছর বয়সি বাঘিনি BTR TF-1-কে বক্সায় আনা হয়। ২ অক্টোবর তাকে জঙ্গলে অবমুক্ত করার পর সে অসমের রাইমোনা জঙ্গলে চলে যায়। গত ৩ নভেম্বর কোকরাঝাড়ের গেলাগুড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে বক্সার রাজাভাতখাওয়ার সুরক্ষিত এনক্লোজারে ফিরিয়ে আনা হয়। কিন্তু এর মাত্র পাঁচ দিনের মাথায় সে এনক্লোজারের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ফের অসমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়।
এদিকে, একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয় যে, বাঘিনিটি প্রায় দু’মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং অসমে তাকে আটকের সময় তার গর্ভপাত ঘটে। এই খবর সামনে আসতেই বিরোধীরা সরব হয়।
নজরদারিতে রয়েছে বাঘিনি: দাবি বন দফতরের
বাঘিনি ফের উধাও হয়ে গিয়েছে বা বন দফতর তার খোঁজ পাচ্ছে না—এই সমস্ত জল্পনা ও গুঞ্জন উড়িয়ে দিয়ে বনমন্ত্রী জানান যে, বক্সার বাঘিনি সম্পূর্ণ নজরদারির মধ্যেই রয়েছে। বাঘিনির বর্তমান অবস্থান থেকে মাত্র ৫০-১০০ মিটারের মধ্যেই তার উপস্থিতির চিহ্ন মিলেছে। সে নিয়মিত খাওয়া-দাওয়া করছে এবং রেডিও কলারের সিগন্যালের মাধ্যমে ২৪ ঘণ্টা তার গতিবিধির ওপর নজর রাখছেন বন দফতরের আধিকারিক ও কর্মীরা।
কংগ্রেসের আক্রমণ ও পদত্যাগের দাবি
অন্যদিকে, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকারের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বন দফতরের নজরদারি ব্যবস্থা, এনক্লোজারের পরিকাঠামো এবং রেডিও কলারের কার্যকারিতা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে বাঘিনি স্থানান্তর ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়িত হওয়ার পরেও কেন বারবার এমন ঘটনা ঘটছে, তা নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস। সেই সঙ্গে এই ঘটনার নৈতিক দায় নিয়ে বনমন্ত্রীর পদত্যাগেরও দাবি তুলেছে দলটি।