সরকার বললেই সব ভালো বলতে হবে নাকি?’ দূরদর্শন ও এসআরএফটিআই নিয়ে নিজ দলকেই তুলোধনা রূপা গঙ্গোপাধ্যায়ের!

দূরদর্শন ও আকাশবাণীর মতো কেন্দ্রীয় সরকারি সম্প্রচার মাধ্যমগুলির মান এবং পরিকাঠামোর ব্যবহার নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক তথা প্রবীণ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। শাসক শিবিরের জনপ্রতিনিধি হয়েও সরকারি প্রতিষ্ঠানের এই সমালোচনা প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সরকারের যা ভালো নয়, তা খোলামেলা বলা উচিত। পাশাপাশি, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) এবং সামগ্রিক প্রোডাকশনের মান নিয়েও বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার কলকাতার একটি হোটেলে আয়োজিত ‘মেকন 2026’ (MECON 2026) আলোচনা সভায় যোগ দিয়ে ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেন রূপা গঙ্গোপাধ্যায়।
দূরদর্শন ও সরকারি মিডিয়ার মান নিয়ে প্রশ্ন
সাক্ষাৎকারে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “অতি সম্প্রতি কারা দূরদর্শন বা আকাশবাণীতে গিয়েছেন? সেখানে কতটা জায়গা আছে? সেই পরিকাঠামোর কতটা ব্যবহার করা হচ্ছে? প্রোডাকশনের মান কী?” কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই গণমাধ্যমগুলি বেসরকারি মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় কতটা টিকতে পারছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “আমি লোককে বলব যে দূরদর্শন দেখো, অথচ আমি অন্যান্য মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠব না—তাহলে কী করে হবে?”
নিজের সরকারের কাজের সমালোচনা করার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক বলেন, “মানে আমার সরকার, আমার পছন্দের, তাই আমাকে সবকিছু ভালো বলতে হবে? তার জন্য আমি রাজনীতিতে আসিনি। সরকারের যা ভালো নয়, তাও বলতে হবে। তবেই তার উন্নতি সম্ভব। কারণ, কোনটা ভালো করতে হবে, তা জানতে হলে সত্যটাকে মানতে হবে।”
এসআরএফটিআই এবং কর্মসংস্থান নিয়ে ক্ষোভ
দেশের অন্যতম সেরা চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন রূপা। তিনি বলেন, “আমরা কি এসআরএফটিআই-এর মতো এত সুন্দর জায়গায় শুটিং করতে পারি? ওখানে কী কী ফিল্ম দেখানো হবে, সেই সিদ্ধান্তও কিছু লোক নেবে। কেন হবে এরকম?” প্রতিষ্ঠানের পরিকাঠামো নষ্ট হচ্ছে কি না এবং তা বাস্তবে কতটা কাজে লাগছ, সে বিষয়ে প্রশ্ন তুলে তিনি আরও যোগ করেন, “পড়াশোনা করার পরে বাস্তবের মাটিতে কীভাবে কার্যকর হবে? সেখানেই তো তার সার্থকতা। নয়তো আমি বাচ্চাদের অনেক পড়ানোলাম, আর তাঁরা রাস্তায় ঘুরে বুঝতে পারছে না কী করে রোজগার করবে!”
উল্লেখ্য, বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স (BFTCC)-এর উদ্যোগে আয়োজিত ‘মেকন ২০২৬’ কনক্লেভের মূল ভাবনা ছিল ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং বিএফটিসিসি-র সভাপতি ফিরদৌসল হাসান-সহ বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।