নিম্নচাপের মেঘ সরিয়ে বাংলায় ফিরছে শীতের আমেজ! তাপমাত্রা কমছে একধাক্কায় ৪ ডিগ্রি, জানাল আবহাওয়া দফতর

গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার জেরে নাজেহাল হয়ে উঠেছিল রাজ্যবাসী। তবে অবশেষে পুজোর রেশ কাটতেই আবহাওয়ায় বড় পরিবর্তনের সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা ও দেশের অন্যত্র দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টির দাপট কমার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং সপ্তাহান্তেই নামবে রাতের তাপমাত্রা।
সপ্তাহান্তে বঙ্গে নামবে পারদ
শীতপ্রেমীদের জন্য বড় খবর দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিক থেকেই রাজ্যজুড়ে রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হতে শুরু করবে। আগামী সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি, রাজধানী কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা একই হারে হ্রাসের জোরালো সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বেশি হবে। আগামী সোমবারের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় রাতের পারদ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে, এই সাময়িক পারদ পতন মানেই এখনই জাঁকিয়ে শীতের পাকাপাকি আগমন নয়, বরং এটি শীতের একটা প্রাথমিক বা মিষ্টি আমেজ।
কোথায় কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যের কিছু উপকূলবর্তী জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিক্ষিপ্ত কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এক্কেবারে কমে যাবে এবং শুক্রবার থেকে রাজ্যের বেশিরভাগ জেলায় পুরোপুরি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দেশজুড়ে আবহাওয়ার ভোলবদল
এদিকে বাংলার আকাশ কিছুটা পরিষ্কার হলেও দেশের অন্যান্য অংশে কিন্তু আবহাওয়ার বড়সড় পটপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হচ্ছে, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে বিশেষ সতর্কতা। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে দেশের অন্যান্য প্রান্তে আবহাওয়ার দুর্যোগ চললেও, বাংলার মানুষ যে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য।