“ক্লিভেজ কি আল্লাহ বানাননি?”-পান্নার লকেট বিতর্ক তুঙ্গে উঠতেই মামলাকারীদের তুলোধনা তসলিমার

দীপাবলির উৎসবে পতৌদি পরিবারের ঐতিহাসিক গয়না পরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পড়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। ভোপালের নবাবের প্রায় ২০০ বছরের পুরনো একটি প্রাচীন পান্নার লকেট গলায় পরেছিলেন তিনি। কিন্তু সেই লকেটে পবিত্র কোরানের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা থাকায় শুরু হয়েছে তীব্র জলঘোলা। লকেট পরার ধরন এবং ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় এক মুসলিম নেতার আইনি নোটিসের মুখে পড়েছেন অভিনেত্রী। আর এই পুরো ঘটনাটি সামনে আসতেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন।

কেন আইনি নোটিস করিনাকে?

দীপাবলিতে করিনার এই রাজকীয় লুকের নেপথ্যে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর। ইনস্টাগ্রামে সেই ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিতর্ক। জানা যায়, লকেটটিতে থাকা ৩০ ক্যারেটের পান্নার ওপর খোদাই করা রয়েছে কোরানের পবিত্র ‘আয়াতুল কুরসি’।

জনৈক আব্বাস হাফিজ নামের এক ব্যক্তি করিনাকে আইনি নোটিস পাঠিয়ে দাবি করেছেন, যেভাবে ওই পেনড্যান্টটি প্রদর্শন করা হয়েছে তা ধর্মীয় মর্যাদার পরিপন্থী। অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবি সরিয়ে নেওয়ার পাশাপাশি অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে। অন্যথায় আরও কঠোর আইনি পদক্ষেপের হুশিয়ারিও দেওয়া হয়েছে।

তসলিমা নাসরিনের তীক্ষ্ণ প্রশ্ন

এই পুরো বিষয়টিকে ঘিরে যখন চারদিকে চর্চা চলছে, ঠিক তখনই করিনার সমর্থনে মুখ খুলেছেন তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখিকা সুলভে বেশ কিছু তীব্র প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

তসলিমা লিখেছেন, “লকেট তো গলায় পরারই জিনিস। গলায় পরলে বুকের কাছেই ঝুলবে। নাকি আপত্তি করিনার ক্লিভেজ দেখা যাচ্ছে বলে? ক্লিভেজ কি এঁরা মনে করেন আল্লাহ বানাননি? গোটা শরীর আল্লাহর সৃষ্টি, শুধু নারীর বুকের কাছে এসে শয়তান কিছু কারিগরি করে দিয়ে গিয়েছে? মজার তো ব্যাপারটা!”

ধর্মের নামে নারীর শরীরের ওপর এই নজরদারি এবং ভয় দেখানোর সংস্কৃতিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এই লেখিকা। তাঁর মতে, অক্ষরের সম্মান রক্ষা করতে গিয়ে অকারণে একজন নারীকে হেনস্থা করা হচ্ছে। নারীর শরীরের কাছে গেলেই যদি পবিত্রতা নষ্ট হয়ে যায়, তবে সেই ধারণার মধ্যে নারীর প্রতি সুপ্ত ঘৃণা লুকিয়ে রয়েছে বলেই মনে করেন তিনি। তসলিমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, করিনা কাপুর খানের ক্ষমা চাওয়ার কোনো কারণই নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *