ভারতে দ্বিতীয় মেগা কারখানা গড়ছে Kia! ১৮,৭৫০ কোটি টাকার বিনিয়োগে খুলছে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ

ভারতের অটোমোবাইল বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এক বিরাট পদক্ষেপ করল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা কিয়া (Kia)। অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করেছে এই সংস্থা। রাজ্যে আরও একটি বৃহৎ মাপের গাড়ি তৈরির কারখানা স্থাপন করতে চলেছে তারা। এই মেগা প্রকল্পে মোট ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮,৭৫০ কোটি টাকা। শুধু মূল সংস্থাটিই নয়, এর সঙ্গে যুক্ত সাপ্লায়ার্স বা সহযোগী সংস্থাগুডিও এই বিশাল বিনিয়োগে অংশীদার হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের অনন্তপুরেই গড়ে উঠছে কিয়ার এই দ্বিতীয় কারখানাটি। প্রায় ৪৬৫ একর জমির উপর তৈরি হতে চলা এই প্ল্যান্টে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, গাড়ি স্ট্যাম্পিং, ওয়েল্ডিং, পেন্টিং এবং ফাইনাল অ্যাসেম্বলির সমস্ত কাজ একই চত্বরের মধ্যে সম্পন্ন হবে। এর পাশেই সহযোগী সংস্থাগুলির জন্য পৃথক জোন থাকবে, যেখান থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করা হবে।
উৎপাদন ও কর্মসংস্থানের বিশাল লক্ষ্য
কিয়ার তরফে জানানো হয়েছে, নতুন এই কারখানাটি সম্পূর্ণভাবে তৈরি করতে এবং বাণিজ্যিক উৎপাদনে যেতে কিছুটা সময় লাগবে। ২০৩০ সালের শুরুর দিক থেকেই এই প্ল্যান্ট থেকে গাড়ি তৈরির কাজ শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে এই কারখানা থেকে প্রতি বছর প্রায় ২ লাখ নতুন গাড়ি উৎপাদন করা হবে। এর ফলে ভবিষ্যতে ভারতের বাজারে কিয়ার মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা বেড়ে ৬.৩ লক্ষ গাড়িতে পৌঁছাবে। উল্লেখ্য, বর্তমানে ভারতে তাদের উৎপাদিত গাড়ির সংখ্যা প্রায় ৪.৩ লক্ষ। অনন্তপুরের এই কারখানা থেকে উৎপাদিত গাড়িগুলি শুধু দেশের অভ্যন্তরীণ বাজারেই বিক্রি হবে না, পাশাপশি বিদেশের বাজারেও রপ্তানি করা হবে।
এই বিপুল পরিমাণ বিনিয়োগের জেরে কর্মসংস্থানের ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ১২,০০০ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর আগে অনন্তপুরেই কিয়ার যে মূল প্ল্যান্টটি রয়েছে, তাতে ইতিমধ্যে ২৪ হাজারেরও বেশি কর্মী যুক্ত রয়েছেন।
কী বলছে কিয়া কর্তৃপক্ষ?
এই ঐতিহাসিক চুক্তি প্রসঙ্গে কিয়া ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জোয়ানগু লি (Gwanggu Lee) জানান, সংস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। ভারতীয় ক্রেতারা যেভাবে তাঁদের উপর ভরসা রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। নতুন এই প্ল্যান্টটি চালুর ফলে ক্রেতাদের চাহিদা মেটানো আরও সহজ হবে এবং অভ্যন্তরীণ পাশাপাশি বিশ্ববাজারের চাহিদাও পূরণ করা সম্ভব হবে। তবে নতুন এই কারখানা থেকে ঠিক কোন কোন মডেলের গাড়ি তৈরি করা হবে, সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, সাধারণ জ্বালানি চালিত গাড়ি থেকে শুরু করে লেটেস্ট প্রযুক্তির আধুনিক মডেল—সবকিছুই স্থান পেতে পারে এই তালিকায়।