ভোরে বিকট শব্দে কেঁপে উঠল উত্তরবঙ্গ! ঘুম ভাঙতেই আতঙ্কে রাস্তায় ছুটলেন মানুষ

ভোররাতে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের জলপাইগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে ভোররাত হওয়ায় এবং অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় অনেকেই প্রথমে কম্পন টের পাননি। মূলত জলপাইগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেই কম্পনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৫.১। এর উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের জেরে ভারত ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চিনের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগেও সম্প্রতি ১২ নভেম্বর ভোরে উত্তরবঙ্গে ৪.৯ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল। সেবার ভোর ৪টে বেজে ৩০ মিনিটে প্রায় ২৯ সেকেন্ড ধরে স্থায়ী হয়েছিল সেই কম্পন, যার উৎসস্থলও ছিল সেই নেপালই। প্রসঙ্গত, এর মাত্র মাস দুয়েক আগেই প্রকৃতির ভয়াবহ তাণ্ডব ও মৃত্যুমিছিল দেখেছে নেপাল। বিধ্বংসী হড়পা বান ও ভূমিধসের জেরে সেখানে ১৪৫৫ জনের প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হয়েছিলেন ৫ হাজারের বেশি মানুষ। ত্রিশূলী ও ভোটকোসি নদীর করাল গ্রাসে ধ্বংস হয়ে গিয়েছিল অগণিত ঘরবাড়ি, অফিস, সেতু ও বাজার-ঘাট। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই ফের নেপালে ভূমিকম্পের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পাহাড়ি ও সংলগ্ন সমতল অঞ্চলে।