সকালে উঠেই মুখে অদ্ভুত তেতো স্বাদ? অবহেলা করলেই বাড়বে বড় বিপদ, জেনে নিন মুক্তির সহজ উপায়

মুখে তেতো বা টক স্বাদ নিয়ে সকালের শুরুটা নিশ্চয়ই খুব একটা সুখকর নয়! অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর মুখে অদ্ভুত এক কষটে বা তেতো স্বাদ অনুভব করেন। অনেকে আবার ভাবেন, আগের রাতের খাবারের জন্যই হয়তো এমনটা হয়েছে। তাই এই সাধারণ সমস্যাটিকে অনেকেই এড়িয়ে যান। কিন্তু এই অস্বস্তি যদি আপনার রোজকার সঙ্গী হয়ে দাঁড়ায়, তবে সাবধান হওয়াত জরুরি! কারণ এর নেপথ্যে লুকিয়ে থাকতে পারে শরীরের বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা। আসুন, সহজ ভাষায় জেনে নেওয়া যাক কেন এমনটা হয় এবং এর থেকে মুক্তির উপায় কী।
কেন মুখে এমন অদ্ভুত স্বাদ হয়? এই সমস্যার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো অ্যাসিড রিফ্লাক্স। সহজ কথায় বলতে গেলে, আমাদের পেটের অ্যাসিড বা হজম না হওয়া খাবার যখন সোজা পথে না গিয়ে উল্টো পথে গলার কাছে চলে আসে, তখনই এই বিপত্তির সৃষ্টি হয়। এর ফলে গলার কাছে জ্বালাভাব, টক ঢেকুর এবং মুখে তেতো স্বাদ তৈরি হয়। অনেক সময় এই সমস্যা এতটাই তীব্র হয় যে সারাদিন ধরে মারাত্মক অস্বস্তি হতে পারে।
তাছাড়া, ঘুমের মধ্যে আমাদের মুখে লালা বা স্যালাইভা তৈরি হওয়ার পরিমাণ বেশ কিছুটা কমে যায়। এই লালা আমাদের মুখ ভিজিয়ে রাখতে এবং মুখের ভেতর জমে থাকা খাবারের ছোট কণা পরিষ্কার করতে সাহায্য করে। শরীরে পর্যাপ্ত জলের অভাব দেখা দিলে মুখ শুকিয়ে যায়। আর মুখ শুকিয়ে গেলেই এই ধরনের তেতো বা কষটে স্বাদ তৈরি হতে শুরু করে। পাশাপাশি, দাঁত বা মাড়ির কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলেও মুখে এমন অদ্ভুত ভাব দেখা দিতে পারে।
রাতের খাবার ও ঘুমের ভুল অভ্যাস অনেকেরই অভ্যাস থাকে রাতে ভরপেট খেয়েই সোজা বিছানায় চলে যাওয়ার। এই ভুলটা অনেকেই অজান্তে করে থাকেন। অতিরিক্ত তেল-মশলা দেওয়া বা ভারী খাবার খেয়ে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লে হজম প্রক্রিয়ায় মারাত্মক ব্যাঘাত ঘটে। খাবার ঠিকমতো হজম হওয়ার আগেই শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হু হু করে বেড়ে যায়। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাতের খাবার খাওয়া এবং ঘুমাতে যাওয়ার মাঝে অন্তত তিন ঘণ্টার ব্যবধান রাখা অত্যন্ত জরুরি।
কীভাবে মিলবে মুক্তি? এই অস্বস্তিকর সমস্যা থেকে দূরে থাকতে কিছু সহজ নিয়ম মেনে চলা দরকার:
-
সকালে ঘুম থেকে উঠেই ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নিন এবং নিয়ম করে জিভ পরিষ্কার করুন।
-
সারাদিন ধরে প্রচুর পরিমাণে জল খাওয়ার অভ্যাস করুন। শরীরে জলের ঘাটতি হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
-
রাতে খাবার খাওয়ার অন্তত তিন ঘণ্টা পর বিছানায় ঘুমাতে যান।
-
অতিরিক্ত ঝাল, মশলাদার ও চর্বিযুক্ত খাবার একটু এড়িয়ে চলুন।
-
চা বা কফি খাওয়ার কারণে যদি এই সমস্যা বাড়ে, তবে তা কিছুটা কমিয়ে দিন।
-
প্রতিদিন নিয়ম করে দাঁত ও মুখের সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখুন।
এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এত কিছুর পরও যদি দেখেন যে মুখের তেতো স্বাদ দূর হচ্ছে না কিংবা খাবার গিলতে কোনো ধরনের কষ্ট হচ্ছে, তবে আর দেরি না করে অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নিন। কারণ শরীর সুস্থ থাকলেই তবেই তো আপনার প্রতিটি দিন সুন্দর কাটবে!