ছটপুজোয় বাড়ি ফেরা নিয়ে চরম চিন্তা? যাত্রীদের স্বস্তি দিতে একঝাঁক স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা রেলের!

অক্টোবরের উৎসবের মরশুম পেরিয়ে এখন দেশজুড়ে বইছে ছটপুজোর (Chhath Puja) আমেজ। আর এই মহাসমারোহের সময়ে বাড়ি ফেরা মানুষদের ভিড় সামলাতে এবং যাতায়াত আরও মসৃণ করতে বড় পদক্ষেপ করল রেলওয়ে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ছটপুজো উপলক্ষে বিহার, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে চলাচলকারী একাধিক ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের ট্রিপ বাড়ানোর পাশাপাশি নতুন করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উৎসবের মরশুমে যাত্রীদের ভ্রমণের অতিরিক্ত সুযোগ নিশ্চিত হবে।

কোন কোন রুটে বাড়ানো হলো ট্রেনের চলাচল? রেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু স্পেশাল ট্রেনের সময়সূচি এবং ট্রিপের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে:

  • কাটিহার-পূর্ণিয়া-আরারিয়া রুট: ট্রেন নং ০৭৫৫৫/০৭৫৫৪ (কাটিহার-পূর্ণিয়া-কাটিহার) রুটটি বাড়িয়ে এবার সরাসরি আরারিয়া পর্যন্ত করা হয়েছে। ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন এই ট্রেনটি কাটিহার থেকে ২১:৩০ টায় ছেড়ে ২৩:৩০ টায় আরারিয়া পৌঁছাবে। ফিরতি পথে ১২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ট্রেনটি আরারিয়া থেকে যাত্রা শুরু করবে। ৮টি কোচের এই ট্রেনটি উভয় দিকে ২০টি করে ট্রিপে চলবে।

  • রাঁচি-আলিপুরদুয়ার রুট: ট্রেন নং ০৮৬৬১/০৮৬৬২ (রাঁচি–আলিপুরদুয়ার জংশন–রাঁচি) সাপ্তাহিক পূজা স্পেশাল ট্রেনটি অতিরিক্ত দুটি ট্রিপের জন্য চলাচল করবে। রাঁচি থেকে ১৬ ও ২৩ নভেম্বর এবং আলিপুরদুয়ার জংশন থেকে ১৮ ও ২৫ নভেম্বর যথারীতি নির্দিষ্ট সময়সূচি ও স্টপেজ অনুযায়ী ট্রেনটি যাতায়াত করবে।

  • কাটিহার-মনিহারি রুট: এই রুটে যাত্রীচাপ সামলাতে একাধিক স্পেশাল ট্রেন চলছে। ট্রেন নং ০৭৫৪৬/০৭৫৪৫ এবং ট্রেন নং ০৭৫৪৮/০৭৫৪৭ (কাটিহার-মনিহারি-কাটিহার) নির্দিষ্ট দিনগুলিতে নিয়মিত পরিষেবা দিচ্ছে। পাশাপাশি, এই রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণের সুবিধার্থে ট্রেন নং ০৭৫৪০/০৭৫৩৯ কাটিহার–মনিহারি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের সঙ্গে নতুন করে তিনটি কোচও সংযুক্ত করা হয়েছে।

  • কলকাতা-নিউ কোচবিহার রুট: বাংলা ও উত্তরবঙ্গের যাত্রীদের সুবিধার্থে ট্রেন নং ০৩১২৫/০৩১২৬ (কলকাতা–নিউ কোচবিহার–কলকাতা) সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি চলাচল করছে। আগামী ১৪, ২১ ও ২৮ নভেম্বর কলকাতা থেকে এবং ১৫, ২২ ও ২৯ নভেম্বর নিউ কোচবিহার থেকে ২২টি কোচ বিশিষ্ট এই স্পেশাল ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে।

রেল প্রশাসনের এই বিশেষ উদ্যোগের ফলে ছটপুজোয় বাড়ি ফেরা এবং গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা অনেকাংশেই লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *