মোদিকে প্রশ্ন করার খেসারত? নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বাতিলের অভিযোগ তুলল ঝড়!

চলতি বছরের মাঝামাঝি সময়ে নরওয়ে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক কড়া প্রশ্নের মুখে ফেলেছিলেন নরওয়ের সাংবাদিক হেলে লিং (Helle Lyng)। মোদির প্রেস ফ্রিডম সংক্রান্ত সেই বিতর্কিত ঘটনার পর এবার আরও এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ওই বিদেশি সাংবাদিক। হায়দরাবাদে কংগ্রেস আয়োজিত ‘ভারত সামিট’-এ যোগ দেওয়ার জন্য রওনা হওয়ার ঠিক মুহূর্তেই তাঁর ভিসা ও ভারতে ঢোকার অনুমতি বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আর এই গোটা ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ওই সাংবাদিক।
কী ঘটেছিল? আসলে হায়দরাবাদে ১৩ ও ১৪ নভেম্বর কংগ্রেসের উদ্যোগে ‘ভারত সামিট’-এর আয়োজন করা হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ বিষয়ে প্যানেলিস্ট ও বক্তা হিসেবে ওই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন নরওয়ের সাংবাদিক হেলে লিং। তাঁর সমস্ত প্রস্তুতিও সম্পূর্ণ ছিল। হাতে ছিল ভারতীয় ভিসা এবং রাজনৈতিক ছাড়পত্র (Political Clearance)।
কিন্তু বিপত্তি ঘটে বিমানবন্দরে রওনা হওয়ার ঠিক ১০ মিনিট আগে। এক্স (X)-এ একাধিক পোস্টে হেলে অভিযোগ করেছেন, নরওয়ের ভারতীয় দূতাবাস থেকে তাঁকে ফোন করে জানানো হয় যে, তিনি ভারতে প্রবেশ করতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রকের ‘উপরতলার নির্দেশে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অমিত শাহকে নিশানা করে ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তোপ দেগেছেন হেলে লিং। ভিডিওতে তিনি বলেন, “জীবনে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর যাওয়ার মাত্র ১০ মিনিট আগে ফোন করে বলা হলো, আমি ভারতে যেতে পারব না। দূতাবাস জানিয়েছে ভিসা ইস্যু হওয়া সত্ত্বেও আমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আর এখানেই আপনার ভূমিকা আসে, অমিত শাহ। স্পষ্টতই, আপনার দফতর স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে আমাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।”
মোদি সফরের ক্ষোভেই কি এই সিদ্ধান্ত? এই হঠাত্ ভিসা বাতিলের নেপথ্যে পুরনো ক্ষোভ কাজ করছে বলেই ইঙ্গিত দিয়েছেন হেলে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন চলতি বছরের মে মাসে নরওয়ের অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কথা। সেই সময় মোদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটি তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি। উত্তর না দিয়ে মোদি সেথান থেকে চলে যাওয়ায় সেই দৃশ্য আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চিত হয়েছিল।
হেলের দাবি, তাঁর নরওয়েজীয় সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধ বা অনলাইন লেখালিখিতে মোদি সরকারের সমালোচনার কারণেই হয়তো এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে।
“বল এখন আপনার কোর্টে” শেষ মুহূর্তের এই বাধার মুখে পড়েও লড়াই ছাড়তে নারাজ ওই সাংবাদিক। অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, “সৌভাগ্যবশত, আগামী ৪৮ ঘণ্টার আগে আমার মঞ্চে বক্তৃতা দেওয়ার কথা নেই। এর অর্থ, আমি এশিয়াগামী পরবর্তী যে কোনও বিমানে উঠতে পারি, যা আমাকে সময়মতো হায়দরাবাদে পৌঁছে দিতে পারে। বল এখন আপনার কোর্টে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কী করবে? আমার কাছে ভিসা ও ছাড়পত্র রয়েছে, আমরা কি বিষয়টির সমাধান করতে পারি?”
উল্লেখ্য, হায়দরাবাদের হাইটেক্সে (HITEX) আয়োজিত এই ‘ভারত সামিট’-এ ৭০টির বেশি দেশের নির্বাচিত জনপ্রতিনিধি ও বুদ্ধিজীবীরা অংশ নিচ্ছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং কংগ্রেস নেতা সলমন খুরশিদের নেতৃত্বে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, বিদেশি সাংবাদিকের এই ভিসা বাতিলের ঘটনায় ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।