ভাইফোঁটার ঠিক আগেই চন্দননগরে ফিরল ১০৮ বছরের পুরনো স্মৃতি! ভিনদেশি বোনের নিখাদ স্নেহে আজও অমর বাংলার প্রথম শহিদ

ভাইফোঁটার আনন্দমুখর আবহে দাঁড়িয়ে বাংলার এক ভুলে যাওয়া ইতিহাসকে ফের নতুন করে ফিরিয়ে আনছে চন্দননগর। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম বাঙালি তথা ভারতীয় শহিদ যোগেন্দ্র নাথ সেন এবং তাঁর ব্রিটিশ বোন ‘সিসিলি’র আত্মত্যাগ ও ভালোবাসার গল্প আজ আবারও খবরের শিরোনামে। যুদ্ধক্ষেত্রের ভয়ংকরতা ছাপিয়ে এক ভিনদেশি নারীর নিখাদ স্নেহের সেই অমর গাথা আজও অম্লান হয়ে রয়েছে হুগলির এই ঐতিহাসিক শহরে।
কে ছিলেন এই যোগেন্দ্রনাথ সেন?
১৮৮৭ সালে চন্দননগরের খলিসানিতে জন্মগ্রহণ করেন যোগেন্দ্রনাথ সেন। স্থানীয় স্কুল এবং হাওড়া ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ে। সেখানে থাকাকালীনই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪)। সেই সময় ব্রিটিশ বাহিনী সরাসরি কৃষ্ণাঙ্গ সেনাদের নিজেদের দলে না নিলেও, বিভিন্ন দেশের সেনাদের নিয়ে গঠিত পৃথক বাহিনীতে যোগ দেন যোগেন্দ্র। ১৫তম ইয়র্কশায়ার রেজিমেন্টের একমাত্র ভারতীয় তথা বাঙালি সেনা হিসেবে ফ্রান্সের সোমের রণক্ষেত্রে ব্রিটিশদের হয়ে লড়তে গিয়ে তিনি বীরের মতো শহিদ হন।
ব্রিটিশ বোনের বুকভরা ভালোবাসা ও স্মৃতি
যুদ্ধের বিভীষিকা মুছে যাওয়ার পর শহিদ যোগেন্দ্রের শেষ সম্বল হিসেবে তাঁর রক্তমাখা নোটবুক, ভাঙা চশমা, ছুরি এবং জামাকাপড় সযত্নে চন্দননগরের পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তাঁর ব্রিটিশ বোন ‘সিস’ বা মেরি সিসিলি। লন্ডনের একটি চার্চে যোগেন্দ্রর সঙ্গে আলাপ হওয়ার পর সিসিলি তাঁকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিলেন।
যোগেন্দ্রকে দেওয়া একটি বইয়ের পাতায় মেরি সিসিলি নিজের হাতে লিখেছিলেন— “With the very best of good wishes in this world + after, To Jogi, from his loving sister, Cis”। আজ সুদূর বিদেশের সেই বোনের স্মৃতি এবং যোগেন্দ্রর ব্যবহার্য জিনিসপত্র চন্দননগরের হেরিটেজ মিউজিয়ামে সযত্নে সংরক্ষিত রয়েছে।
১০৮ বছর পর বিশেষ সম্মান চন্দননগরে
ভাইফোঁটার পবিত্র দিনে প্রথম বিশ্বযুদ্ধের সেই বাঙালি সৈনিক এবং তাঁর ব্রিটিশ বোনকে শ্রদ্ধা জানাতে উদ্যোগী হয়েছে চন্দননগর হেরিটেজ। বুধবার চন্দননগর রাসবিহারী ইনস্টিটিউটে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু আলেকজান্ডার ফ্লেমিং। শুধু সিসিলিই নন, আরেক ফরাসি মহিলা যিনি অন্য এক বাঙালি শহিদ সৈনিকের স্মৃতি আগলে রেখেছিলেন, তাঁকেও এদিন স্মরণ করা হবে। চন্দননগর হেরিটেজের কর্ণধার কল্যাণ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা থেকে এবার থেকে প্রতি বছর ১১ নভেম্বর দিনটিকে ‘আর্মিস্টিস ডে’ বা যুদ্ধ নয়, শান্তির বার্তা হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।