মাটির তলার পাইপে সামান্য ত্রুটি মানেই হাহাকার!’ কলকাতার জল সরবরাহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁদলেন পুরসভার প্রাক্তন ডিজি

তিলোত্তমার জল সরবরাহ ব্যবস্থার হৃদপিণ্ড বলা চলে টালা ওয়াটার ওয়ার্কসকে। সেখান থেকেই মাটির তলায় থাকা একাধিক বিশাল পাইপলাইনের জাল বিছিয়ে কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণে পৌঁছে দেওয়া হয় পানীয় জল। ৭২ ইঞ্চি, ৬০ ইঞ্চি থেকে শুরু করে ৪৮, ৩০ এবং ২৪ ইঞ্চির সেই বিশাল পাইপ নেটওয়ার্কের কোনো একটিতে সামান্য ত্রুটি বা লিকেজ দেখা দিলেই হাহাকার পড়ে যায় হাজার হাজার পরিবারে।
কিন্তু কীভাবে পরিচালিত হয় এই সুবিশাল পরিকাঠামো? কীভাবে রেললাইনের নীচ দিয়ে যাওয়া পুরনো পাইপ মেরামত করা হয়? তা নিয়ে নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন কলকাতা পুরসভার (KMC) জল সরবরাহ বিভাগের প্রাক্তন ডিরেক্টর জেনারেল (DG) বিভাস মাইতি।
পলতা থেকে টালা হয়ে শহর জুড়ে জলের কারবার
বিভাস মাইতি জানান, মূল জল পরিশোধনাগার পলতা থেকে ছ’টি বৃহৎ ব্যাসের পাইপের মাধ্যমে জল এসে পৌঁছায় টালার প্রধান পাম্পিং স্টেশনে। এরপর সেখান থেকেই বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন, জলাধার এবং সরবরাহ লাইনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় শহরের আনাচে-কানাচে।
তাঁর কথায়, “এই পুরো নেটওয়ার্কে ৭২ ইঞ্চির বিশালাকার প্রধান পাইপ যেমন রয়েছে, তেমনই রয়েছে ৬০, ৪৮, ৩০ এবং ২৪ ইঞ্চির পাইপলাইন। এর মধ্যে ৬০ ইঞ্চির পাইপের মূল কাজ হলো বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনের জলাধারে জল পৌঁছে দেওয়া।”
রেললাইনের নীচ দিয়ে গেছে পাইপ, এক রাতেই চ্যালেঞ্জিং মেরামত!
টালা থেকে শহরের বিভিন্ন প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রধান পাইপগুলির সিংহভাগই গিয়েছে রেললাইনের নীচ দিয়ে। ফলে সেখানে কোনো সমস্যা দেখা দিলে মেরামতের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে পুরসভার প্রাক্তন এই শীর্ষ আধিকারিক জানান, অতীতেও একাধিকবার পাইপলাইনে বড় ধরণের লিকেজের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জল সরবরাহ সচল রাখতে পাইপ মেরামতির জন্য সম্পূর্ণ জল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে রাতারাতি এক রাতের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করা হতো। এখনও পুরসভা সেই কৌশলই বজায় রেখে কাজ করে থাকে, তবে কোনো একটি বড় পাইপ বন্ধ থাকলে সেই এলাকায় কিছুটা জলের সংকট হওয়া স্বাভাবিক।
মিন্টো পার্কের স্মৃতি ও পাইপলাইনের ‘স্বাস্থ্য সুরক্ষা’
কলকাতায় জলের পাইপ ফাটার ইতিহাস নতুন নয়। সুব্রত মুখোপাধ্যায় যখন কলকাতার মেয়র ছিলেন, সেই সময় মিন্টো পার্ক এলাকায় একটি বিশাল পাইপলাইন ফেটে গিয়ে ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে এজেসি বোস রোড ফ্লাইওভারের নির্মাণ কাজ চলাকালীনও একইভাবে পানীয় জলের পাইপ ফেটে গিয়েছিল বলে মনে করান তিনি। সেই সময় গোটা শহরের একাংশের জল সরবরাহ বন্ধ রেখে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ করা হয়েছিল।
বিভাস মাইতির মতে, “মানুষের শরীরের মতোই পুরনো পাইপলাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসার প্রয়োজন। যে কোনো সময় পুরনো পাইপে লিকেজ হতে পারে। কোথাও লিকেজ হলে কেবল পুরসভার নিয়মিত নজরদারিই নয়, সচেতন সাধারণ মানুষের কাছ থেকেও দ্রুত খবর পেয়ে পুরসভা ব্যবস্থা নেয়।” শহরের মাটির তলার এই সুবিশাল জল পরিকাঠামোর নিয়মিত সংস্কার কতটা জরুরি, প্রাক্তন ডিজির এই বক্তব্যে তা আরও একবার পরিষ্কার হয়ে উঠল।