‘নারদে টাকা নেওয়া কি সনাতনী প্রথা?’ মুখ্যমন্ত্রীর বাজি- মন্তব্যে সুজন-শুভঙ্করের নজিরবিহীন আক্রমণে ধুন্ধুমার রাজ্য!

কালীপুজোয় বাজি ফাটানো, মারাত্মক শব্দদূষণ ও পরিবেশ দূষণকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘সনাতনী’ মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বাজির বিকট শব্দে আনন্দ পাওয়া এবং তাকে ‘সনাতনী ব্যবস্থা ফিরে আসা’ বলে ব্যাখ্যা করার তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধী শিবিরের সিপিএম ও কংগ্রেস। মুখ্যমন্ত্রীর এই যুক্তিকে ‘অবৈজ্ঞানিক’, ‘পরিবেশবিরোধী’ এবং ‘মধ্যযুগীয় মনোভাবের প্রতিফলন’ বলে কড়া তোপ দেগেছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
‘কোনটা সনাতনী প্রথা, তালিকা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী!’
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ব্যঙ্গের সুর চড়িয়ে বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিদিন উনি এমন কিছু দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন, যা নিয়ে গোটা রাজ্যবাসী হাসাহাসি করছে। আমি জানি না কোন সনাতনী ধর্মে বা ব্যবস্থায় এই ধরনের কানফাটা শব্দবাজির আওয়াজকে আনন্দ বা স্বীকৃতি দেওয়া হয়েছে।”
এখানেই না থেমে রাজনৈতিক কেলেঙ্কারি ও সামাজিক ইস্যু টেনে সুজন চক্রবর্তীর কটাক্ষ, “কোন কাজটি সনাতনী আর কোনটি নয়, তা নিয়ে প্রতিদিন বিচ্ছিন্ন বয়ান না দিয়ে মুখ্যমন্ত্রীর উচিত একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। নারদকাণ্ডে ঘুষের টাকা নেওয়া, বুকস্টল ভাঙচুর করা, চোরবাগানে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হওয়া কিংবা ইচ্ছেমতো বিষাক্ত শব্দবাজি ফাটানো—এগুলিও কি ওঁর মতে সনাতনী ব্যবস্থার অংশ?” ধর্মকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা না তুলে রাজ্যের বাস্তব সমস্যাগুলির দিকে নজর দেওয়ার আর্জি জানান এই বাম নেতা।
‘বিশ্ব উষ্ণায়নের যুগে অবৈজ্ঞানিক দাবি!’ তোপ কংগ্রেসের
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর অভিযোগ, পরিবেশ দূষণ ও বাজি ফাটানোর মতো স্পর্শকাতর বিষয়কে একটি বিশেষ ধর্মীয় পরিচয়ের সঙ্গে গুলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত অনভিপ্রেত কাজ করেছেন।
শুভঙ্কর সরকার বলেন, “আজ গোটা বিশ্ব যখন দূষণ ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে গভীর চিন্তিত, তখন একটি রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন অবৈজ্ঞানিক মন্তব্য চরম হতাশাজনক।” ওঁর সাংবিধানিক পদের মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে এই ধরনের পরিবেশবিরোধী বয়ান থেকে বিরত থাকার আবেদন জানান কংগ্রেস সভাপতি।
ধর্ম নিয়ে ঢাক পেটানোর প্রবণতা
‘সনাতনী জাগরণ’ ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছে কংগ্রেস। শুভঙ্কর সরকারের প্রশ্ন, “কোনও ব্যক্তি সারা বছর ধর্মস্থানে গিয়ে পুজো দিলেও সে যদি অপরাধ করে, তবে কি তাঁকে অপরাধী বলা যাবে না? সনাতন ধর্মের শিকড় ও সংস্কৃতির সঙ্গে যাঁদের প্রকৃত যোগ রয়েছে, তাঁদের নিজেদের পরিচয় প্রমাণ করতে আলাদা করে ঢাক পেটানোর দরকার পড়ে না।”
রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগকে ব্যবহার করার প্রবণতা ধর্মের নিজস্ব মর্যাদাকে ক্ষুণ্ণ করছে দাবি করে এই ধরনের রাজনীতির কড়া বিরোধিতা করেছে কংগ্রেস। সব মিলিয়ে, কালীপুজোর শব্দবাজি ও দূষণ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শুরু হওয়া এই তরজা রাজ্য রাজনীতির আঙিনায় এক নতুন বিতর্কের জন্ম দিল।