কলকাতায় উধাও ১.২ লাখ বৈধ ভোটার!’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে রাজপথে নামার হুঙ্কার কংগ্রেসের

শহর কলকাতায় পুরনির্বাচনের বাদ্যি বাজার আগেই ভোটার তালিকা নিয়ে তৈরি হলো চরম বিতর্ক ও রাজনৈতিক তোলপাড়। কলকাতা ও হাওড়ায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে—এই মারাত্মক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অলআউট আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল কংগ্রেস।
মঙ্গলবার বিধানভবনে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেস পর্যবেক্ষক প্রদীপ নারওয়াল এই সংক্রান্ত বিষদ তথ্য তুলে ধরে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শাণান।
‘১ লক্ষ ২০ হাজার বৈধ ভোটারের নাম গায়েব!’
সাংবাদিক বৈঠকে প্রদীপ নারওয়াল অভিযোগ করেন, কেবল কলকাতাতেই প্রায় ১ লক্ষ ২০ হাজার যোগ্য ও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। একই সঙ্গে হাওড়াতেও একইভাবে বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
প্রদীপ নারওয়াল ক্ষোভপ্রকাশ করে বলেন, “গত বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে প্রায় ৯২ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছিল। আর এবার কলকাতায় পুরভোটে কারচুপি করতেই পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। তবে কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না; প্রতিটি জেলায় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যাঁরা ভোটদানের যোগ্য, তাঁদের নাম যাতে তালিকায় ফিরে আসে, তা নিশ্চিত করতে আমরা আইনগত ও মাঠপর্যায়ে লড়াই করব।”
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও সুকুমার সেন-শেষনের স্মৃতি
সাংবাদিক বৈঠক থেকে সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেসের এই কেন্দ্রীয় পর্যবেক্ষক। প্রদীপ নারওয়ালের অভিযোগ, “নির্বাচন কমিশন আজ আর নিরপেক্ষ ও স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে না, বরং সরকারের মুখপাত্রে পরিণত হয়েছে।”
কমিশনের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি জানান তিনি। এ প্রসঙ্গে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন এবং কিংবদন্তি টি এন শেষনের নিরপেক্ষতার উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন, কমিশনের স্বাধীন ভূমিকাই ভারতীয় গণতন্ত্রের মূল স্তম্ভ।
‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ এবং মোদীকে সোজা চ্যালেঞ্জ
গত ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির প্রসঙ্গ তুলে নারওয়াল জানান, এটি কোনো একক রাজনৈতিক দলের অস্তিত্ব রক্ষার লড়াই নয়, বরং সাধারণ মানুষের সাংবিধানিক ভোটাধিকার রক্ষার দেশব্যাপী আন্দোলন। রাহুল গান্ধীর নেতৃত্বে তেজস্বী যাদব, অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী জোটের (INDI Alliance) সমস্ত নেতারা এই লড়াইয়ে একজোট হয়েছেন।
পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রদীপ নারওয়াল। বিজেপির কিছু নেতার মন্তব্যের জবাবে তিনি বলেন, “রাহুল গান্ধী দেশের লোকসভার বিরোধী দলনেতা—তিনি এক দায়িত্বশীল সাংবিধানিক পদে রয়েছেন। তাই বিজেপির কোনো সাধারণ মুখপাত্রের সঙ্গে নয়, গণতন্ত্রের মর্যাদা রক্ষা করতে সাহস থাকলে দেশের প্রধানমন্ত্রীর উচিত রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি মুখোমুখি বিতর্কে বসা।”
এদিনের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে প্রদীপ নারওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বসহ মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মনোজ সরকার, উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি তরুণ পাল এবং বড়বাজার জেলা কংগ্রেস সভাপতি রাহুল পাণ্ডে।